Advertisement
E-Paper

অম্বানীদের বাড়িতে যাতায়াত লেগেই থাকে রিহানার, এ বার মুকেশ-নীতার থেকে পেলেন কোন দামি উপহার?

সম্প্রতি নিজের প্রসাধনী সংস্থার প্রচারে মুম্বই এসে অম্বানীদের বাড়িতে দীর্ঘ সময় কাটান রিহানা। অম্বানীদের থেকে পাওয়া উপহার পরেই নাকি ঘুরছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৬:২৫
অম্বানী পরিবারের তরফ থেকে কী উপহার পেলেন রিহানা?

অম্বানী পরিবারের তরফ থেকে কী উপহার পেলেন রিহানা? ছবি: সংগৃহীত।

আমেরিকার খ্যাতনামী পপ-তারকা রিহানা। ২০২৪ সাল থেকে ভারতে যাতায়াত বাড়ে তাঁর। অম্বানী পরিবারের জন্য জামনগরে অনুষ্ঠান করে গিয়েছেন তিনি। অনন্ত ও রাধিকার প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন তিনি। এর পরে ফ্রান্সে প্রমোদতরী ভাড়া করে অনন্ত-রাধিকার বিয়ের যে অনুষ্ঠান হয়, সেখানেও তিনি পারফর্ম করেন প্রায় দু’দিন ধরে। সম্প্রতি, নিজের প্রসাধনী সংস্থার প্রচারে মুম্বই এসে অম্বানীদের বাড়িতে দীর্ঘ সময় কাটান তিনি। পান অম্বানীদের থেকে উপহারও। সেটা পরেই নাকি এখন সারা ক্ষণ ঘুরছেন রিহানা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপ-তারকা তাঁর হাতের বড় হিরে বসানো ব্রেসলেটটি দেখান। তার পর থেকেই সেটা নিয়ে শুরু হয় আলোচনা। রিহানা গয়না ভালবাসেন। সে কথা নিজেই স্বীকার করেছেন বহু বার। হরেকরকম দামি গয়না রয়েছে তাঁর। তারকা তাঁর গয়নার স্তূপের মধ্যে থাকা একটি ঝলমলে হিরের ‘টেনিস ব্রেসলেট’ কাছ থেকে দেখার সুযোগ করে দেন অনুরাগীদের। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে গায়িকা জানান যে, এই চমৎকার গয়নাটি অম্বানী পরিবারের পক্ষ থেকে উপহার হিসাবে পেয়েছেন তিনি।

অম্বানীদের তরফ থেকে পাওয়া ‘টেনিস ব্রেসলেট’ রিহানার কব্জিতে।

অম্বানীদের তরফ থেকে পাওয়া ‘টেনিস ব্রেসলেট’ রিহানার কব্জিতে। ছবি: সংগৃহীত।

এক ঝলক দেখলে মনে হতে পারে, অতি সাধারণ একটা ব্রেসলেট। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি মোটেই সাধারণ গয়না নয়। খ্যাতনামী গয়না বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল জানান, এই হিরের গয়নাটির মূল্য প্রায় ২.২ কোটি টাকা। এটি ইতিমধ্যেই রিহানার সংগ্রহে থাকা অন্যতম সেরা গয়না হয়ে উঠেছে। তাঁর কব্জিতে স্তরে স্তরে সাজানো ছিল ‘ভিন্টেজ’ হিরের ব্রেসলেট এবং একটি নজরকাড়া রোলেক্স ঘড়ি। আঙুলে ঝলমল করছিল ‘মম’ লেখা আংটি। গলায় ছিল মেরিনা বি-র একটি চোখধাঁধানো হিরের হার, যা তিনি পরেছিলেন একটি ডেনিম পোশাকের সঙ্গে। মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী নিজেও নানা রকম হিরের গয়না পরেন, যেগুলো প্রায় দুষ্প্রাপ্য। এ ছাড়াও অম্বানীরা তাঁদের বাড়িতে আগত অতিথিদের বহুমূল্যের উপহার দিয়ে থাকেন। রিহানার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

Rihanna Nita Ambani Mukesh Ambani ambani family
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy