এখনও আলোচনা চলছে ‘ধুরন্ধর’ ছবি নিয়ে। গত বছরের শেষে মুক্তি পেয়েছিল এই ছবি। তার মাসতিনেকের মাথায় মুক্তি পায় ছবির সিক্যুয়েল। দুটো ছবিই বক্সঅফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে। ভারতীয় গুপ্তচর হামজ়া আলির চরিত্রে রণবীরের জয়জয়কার। আদিত্য ধর পরিচালিত এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজনৈতিক নেতাদের একাংশও। তবে জামাইয়ের এই ছবি নিয়ে ভিন্ন মত রণবীরের শ্বশুর প্রকাশ পাড়ুকোনের।
আরও পড়ুন:
দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের খ্যাতনামী ব্যাডমিন্টন তারকা। জামাই হিসাবে প্রাণশক্তিতে ভরপুর রণবীরের প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ। যদিও জামাইয়ের ছবি দেখে উচ্ছ্বসিত দর্শকের একটা বড় অংশের উদ্দেশে সেই সময়ে প্রকাশ জানান, তাঁর মনে হয়েছে ‘ধুরন্ধর’ ছবিতে প্রয়োজনের তুলনায় হিংসা বেশি। প্রকাশের কথায়, “এটি একটি দুর্দান্ত ছবি। খুব ভাল ভাবে তৈরি একটি সিনেমা এবং ছবিতে সকলের অভিনয়ও খুব ভাল। আমার মনে হয়েছিল যে, ছবিতে হিংসা বোধহয় একটু বেশি রয়েছে। যদিও বেশির ভাগ দর্শক এ ভাবেই ছবিটিকে পছন্দ করেছেন। আমাদের সকলের কাছে সেটাই গুরুত্বপূর্ণ।”
যদিও জামাইকে নিয়ে গর্বিত প্রকাশ। তিনি জানান, জামাইয়ের সঙ্গে শুধু সিনেমা নয়, খেলাধুলা নিয়েও প্রচুর গল্প হয়। কারণ, রণবীরের খেলায় খুব আগ্রহ আছে। এ ছাড়াও তাঁদের চারজনের পরিবারের সকলেই খুব চুপচাপ ধরনের মানুষ। কিন্তু, রণবীর এসে তাঁদের জীবন আলো করেছেন।
‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের অভিনয় নিয়ে যখন সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তখন নীরব একমাত্র ছিলেন তাঁর স্ত্রী দীপিকা। ছবির বিশেষ প্রদর্শনীতেও স্বামীর পাশে ছিলেন না অভিনেত্রী। সেই সময়ে দীপিকার উপরে ক্ষোভ উগরে বার বার কটাক্ষ করেন রণবীরের অনুরাগীরা। কেউ কেউ তো ক্ষোভ সামলে রাখতে না পেরে লিখেই ফেলেন, ‘‘আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ছবি ৫০০ কোটির ব্যবসা করে ফেলল। অথচ, আপনার কোনও হেলদোলই নেই। ছবির প্রদর্শনীতে পর্যন্ত এলেন না আপনি!’’ শুধু এক জনের নয়, একাধিক কটাক্ষের পরে অবশেষে মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী। দীপিকা বলেন, ‘‘আমি আপনাদের সকলের আগে ছবিটা দেখে ফেলেছি। এ বার বরং আপনারা হাসাহাসি করুন। কেমন?’’ ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে দ্বিতীয় বার মা হতে চলেছেন বলে ঘোষণা করেছেন দীপিকা। বড়মেয়ে দুয়ার দু’বছরের মাথায় আবার রণবীর-দীপিকার সংসারে নতুন অতিথি।