Advertisement
E-Paper

রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ ৪২ জন শিল্পপতির! জানালেন শিল্পমন্ত্রী তাপস, আসন্ন বাজেটে হতে পারে ঘোষণা

শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। ঠিক দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:১৬
তাপস রায়।

তাপস রায়। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিনিয়োগে করতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন অন্তত ৪২ জন শিল্পপতি। এমনটাই জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। এ-ও জানিয়েছেন, এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, চলতি বাজেট অধিবেশনে শিল্পক্ষেত্রে বিনিয়োগ নিয়ে একাধিক ঘোষণা হতে পারে। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর সরকার জানিয়েছিল, রাজ্যে শিল্পে উন্নয়ন হবে। নবান্ন সূত্রে খবর, এই নিয়ে তিনি নিজে হস্তক্ষেপ করবেন।

বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম বার ক্ষমতায় আসার পরই শিল্প এবং অর্থনীতির পুনরুজ্জীবনের লক্ষ্যে নীতি আয়োগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি ব্লুপ্রিন্ট তৈরি করতে বলা হয় কেন্দ্রের তরফে। উপাধ্যক্ষ অশোক লাহিড়ির নেতৃত্বে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে।

স্বাধীনতার সময় জিডিপি-র বিচারে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় ধনীতম রাজ্য ছিল (তার আগে অবিভক্ত বাংলা ছিল একে)। ধারাবাহিক অবনতির পর এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছে রাজ্য। তার জন্য অনেকে শ্রমিক ইউনিয়নের নামে বাড়াবাড়ি, রাজনৈতিক অস্থিরতা এবং নৈরাজ্য, প্রশাসনিক ভুল সিদ্ধান্তকে দায়ী করেন। এ রাজ্যে নির্বাচনী প্রচারপর্বেও বার বার বিজেপি তৎকালীন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছিল। প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে। ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবাদে তা ঘটবে। এ বার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস জানালেন, ৪২ জন শিল্পপতি এ রাজ্যে বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। ঠিক দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে গঠিত সরকারের প্রথম বাজেট হওয়ায় তার উপর স্বাভাবিক ভাবেই বাড়তি গুরুত্ব আরোপ করা হচ্ছে। রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকার কী ধরনের রূপরেখা গ্রহণ করতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত এই বাজেট থেকে মিলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy