Advertisement
E-Paper

নৌকায় হবে যোগাসন, যোগ দিবসের আগে সুন্দরবনের ৫০০ জলযান আসছে বাবুঘাটে, কয়েক দিনের জন্য বন্ধ পর্যটন!

আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণকারীদের অনেকে জলযানে যোগাভ্যাস করবেন। সেই কারণে সুন্দরবন অঞ্চল থেকে বিপুল সংখ্যক জলযান কলকাতায় নিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৬:৫৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

আগামী ২১ জুন কলকাতার বাবুঘাটে আয়োজিত হচ্ছে যোগ কার্নিভাল। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সুন্দরবনের বিপুল সংখ্যক লঞ্চ ও ভুটভুটিকে বাবুঘাটে পৌঁছোনোর নির্দেশ দেওয়া হল। সরকারি নির্দেশ অনুযায়ী, লঞ্চ এবং ভুটভুটি মিলিয়ে প্রায় ৫০০টি জলযানকে আগামী ১৮ জুন, বৃহস্পতিবারের মধ্যে বাবুঘাটে পৌঁছোতে হবে। ১৯ থেকে ২১ জুন পর্যন্ত সুন্দরবনের জলযানগুলি বাবুঘাট এবং সংলগ্ন এলাকাতেই থাকবে। এর ফলে ইলিশ উৎসবের সময় সুন্দরবনের পর্যটন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন ওই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণকারীদের অনেকে জলযানে যোগাভ্যাস করবেন। সেই কারণে সুন্দরবন অঞ্চল থেকে বিপুল সংখ্যক জলযান কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সোমবার বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৪৫০টি জলযান প্রস্তুত করা সম্ভব হয়েছে বলে প্রশাসনের একটি সূত্রে খবর। মঙ্গলবার সকাল থেকেই সেগুলি জলপথে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা।

কিন্তু এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে সুন্দরবনের পর্যটনশিল্পে। পর্যাপ্ত জলযান না থাকায় আগামী এক সপ্তাহ পর্যটকদের জঙ্গলে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, সরকারি কাজে জলযান ব্যবহারের কারণে ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনের জঙ্গলে পর্যটকদের প্রবেশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানাচ্ছেন, সুন্দরবনে এখন ইলিশ উৎসব চলছে। অনেক পর্যটক অগ্রিম বুকিং করেছিলেন। হঠাৎ করে জঙ্গল বন্ধ এবং জলযান সরিয়ে নেওয়ার ফলে তাঁরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পর্যটন ব্যবসায়ী বলেন, “আগে থেকে কোনও আভাস বা নির্দেশ থাকলে আমরা নতুন বুকিং নিতাম না। এখন যেমন জলযান তুলে নেওয়া হয়েছে, তেমন জঙ্গলও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরাও সমস্যায় পড়েছেন। এতে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে।” আর এক ব্যবসায়ীর অভিযোগ, “সমস্ত জলযানের বাবুঘাটে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কেউ অস্বীকার করলে তাঁদের বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”

সূত্রের খবর, বিষয়টি নিয়ে বোট ইউনিয়নের সদস্যদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে গোসাবা ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। বৈঠকে প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তাদের। সুন্দরবন ট্যুরিস্ট মেকানাইজ়ড বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিরুল মিদ্দা বলেন, “সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত লঞ্চ ও ভুটভুটিকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য বাবুঘাটে যেতে হবে। নির্দেশ অমান্য করলে বিএলসি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হতে পারে বলে প্রশাসন জানিয়েছে। ফলে ইলিশ উৎসব-সহ সুন্দরবনের সমস্ত পর্যটন কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ রাখতে হচ্ছে।”

International Yoga Day Sundarbans Babughat Yoga Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy