E-Paper

রাহুল-মন্তব্যে রুষ্ট তৃণমূল, বৈঠক বয়কট ডেরেকের

ডেরেক তাঁর দলের ক্ষোভের কথা কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন বলেই সূত্রের খবর। তিনি বলেছেন, বিজেপি-র বিরুদ্ধে একের বিরুদ্ধে একে লড়াই করে ৯০ শতাংশ ক্ষেত্রে হেরেছে কংগ্রেস। আর তৃণমূল ৭৭ শতাংশ ক্ষেত্রে বিজেপিকে হারিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৮:৪৮
(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং ডেরেক ও’ব্রায়েন (ডান দিকে)।

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং ডেরেক ও’ব্রায়েন (ডান দিকে)। — ফাইল চিত্র।

বাংলায় ভোট প্রচারে গিয়ে গতকাল তৃণমূলকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার জের এসে পড়ল আজ রাজাজি মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ডাকা বিরোধী দলের বৈঠকে। যখন দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশনে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে ভোটাভুটিতে সরকারকে হারানোর জন্য একজোট হচ্ছেন বিরোধীরা, তখন রাহুলের আক্রমণে রুষ্ট তৃণমূল নেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যার জেরে দিল্লিতে এলেও সাংসদ ডেরেক ও’ব্রায়েন বৈঠকটি কার্যত বয়কটই করলেন। ওই বৈঠকে না গেলে যে হেতু বিজেপিকে সুবিধা করে দেওয়ার বার্তা যাবে, তাই পাঠানো হল রাজ্যসভায় তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষকে।

ডেরেক তাঁর দলের ক্ষোভের কথা কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন বলেই সূত্রের খবর। তিনি বলেছেন, বিজেপি-র বিরুদ্ধে একের বিরুদ্ধে একে লড়াই করে ৯০ শতাংশ ক্ষেত্রে হেরেছে কংগ্রেস। আর তৃণমূল ৭৭ শতাংশ ক্ষেত্রে বিজেপিকে হারিয়েছে। তৃণমূলকে এ হেন আক্রমণ বিজেপিকে সুবিধা করে দেওয়া। কংগ্রেস অবশ্যই স্থানীয় স্তরে, প্রদেশ কংগ্রেস সভাপতির পর্যায় থেকে তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করবে, সেটা প্রত্যাশিত। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা হঠাৎ একদিনের জন্য গিয়ে ‘জিহ্বার ব্যায়াম’ করে চলে গেলেন, তাতে এমন গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে বিরোধী ঐক্যের ক্ষতি হল বলে তৃণমূলের মত।

কংগ্রেসের তরফে ডেরেককে অনলাইনে বৈঠকে থাকার অনুরোধ করা হলেও তিনি যোগ দেননি। তবে সাগরিককে যথেষ্ট উষ্ণতার সঙ্গেই কংগ্রেসের নেতারা স্বাগত জানান বলে সূত্রের খবর। রাহুল স্বয়ং তাঁর সঙ্গে কুশল বিনিময় করে পশ্চিমবঙ্গের ভোট সংক্রান্ত খবর জানতে চান। তবে বৈঠকের আগে মনোমালিন্য হলেও, অধিবেশনে সরকার-বিরোধী ভোট দেওয়ার প্রশ্নে কংগ্রেসের সঙ্গে বিরোধ নেই তৃণমূলের। ডেরেকের দাবি, যারা কংগ্রেসের সঙ্গে স্বচ্ছন্দ নয় (যেমন আপ, এসপি, এনসি) তারাও যাতে বড় সংখ্যায় ভোটাভুটির দিন হাজির থাকে, সে জন্য সক্রিয় হয়েছেন তাঁরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rahul Gandhi Derek O’Brien

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy