Advertisement
E-Paper

নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘোরার অভিযোগে সিইও-র বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল, করা হল অপসারণের দাবি

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছে তৃণমূল। তাদের মূল দাবি, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০১:০৬
মনোজ আগরওয়াল।

মনোজ আগরওয়াল। —ফাইল চিত্র।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে সরাসরি ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। সোমবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন একটি বিস্তারিত অভিযোগপত্র পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে, যেখানে ছত্রে ছত্রে সিইও-র বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ডেরেকের অভিযোগ, নির্বাচন পরিচালনার মতো অত্যন্ত সংবেদনশীল দায়িত্বে থাকা এক জন শীর্ষ আধিকারিক হিসেবে সিইও-র আচরণ সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু বাস্তবে মনোজের সাম্প্রতিক কর্মকাণ্ড সেই নিরপেক্ষতার পরিপন্থী বলেই দাবি করেছে শাসকদল। তাঁর বক্তব্য, এই আচরণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার পরিপন্থী এবং জনপ্রতিনিধিত্ব আইন (আরপিএ), ১৯৫১ অনুযায়ী এটি ‘দুর্নীতিমূলক আচরণ’-এর পর্যায়ে পড়তে পারে। অভিযোগের সূত্রপাত ৫ এপ্রিলের একটি ঘটনাকে ঘিরে। তৃণমূলের দাবি, ওই দিন সিইও নন্দীগ্রাম সফরে গিয়ে নির্দিষ্ট ভাবে বিজেপি-র সমর্থকদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, সিইও তাঁদের কাছ থেকে ব্যক্তিগত ভাবে মতামত সংগ্রহ করেন। এমনকি, তাঁর সফর মূলত হিন্দু-প্রধান এলাকাগুলিতেই সীমাবদ্ধ ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগটি তাঁর সফরসঙ্গীকে ঘিরে আনা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার দলনেতার দাবি, সিইও যখন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কালীচরণপুর অঞ্চল কমিটির আহ্বায়ক তপন কুমার মহাপাত্র। এই দাবির সমর্থনে একটি ছবিও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে তৃণমূল, যেখানে সিইও-কে ওই বিজেপি নেতার সঙ্গে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

Advertisement

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছে তৃণমূল। তাদের মূল দাবি, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে। পাশাপাশি, অভিযুক্ত সিইওকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে জবাবদিহি নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে সিইও পদ থেকে অপসারণ বা অযোগ্য ঘোষণার মতো কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি তুলেছে বাংলার শাসকদল। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই বিষয়ে মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সিইও-র বিরুদ্ধে সরব হন রাজ্যের বিদায়ী সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখপাত্র কুনাল ঘোষ।

তৃণমূলের এমন অভিযোগের জবাবে সল্টলেকের বিজেপির রাজ্য দফতরের সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "যাকে মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা গিয়েছে নন্দীগ্রামে, সেই তপন এক জন এক্স সার্ভিস ম্যান। অনেক বছর দেশের সেবায় সীমান্তে কাজ করেছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের গণনার দিন ওর ঘর ও দোকান লুট করেছিল তৃনমূলের গুন্ডারা। ও নিজের অভিজ্ঞতা সিইও-কে বলেছে। তৃনমূল বলছে তপন বিজেপি, বাংলার মানুষের চোখে সে পীড়িত। তৃণমুলের এ সব রাজনৈতিক এজেন্ডা।"

Election Commission of India Manoj Agarwal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy