E-Paper

চিংড়িঘাটার জট কেটে যাওয়ায় ‘পূর্বের কলকাতায় মেট্রোর সূর্যোদয়’

গত বছরের জানুয়ারি মাসে চিংড়িঘাটা মোড়ের কাছে বাইপাসের উপরে মেট্রোর উড়ালপথ নির্মাণের প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কিন্তু, বাইপাসের উপরে ওই গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ রেখে মেট্রোর উড়ালপথের সংযুক্তির অনুমতি তৎকালীন রাজ্য প্রশাসন দিতে চায়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৭:৪৩
চিংড়িঘাটা মোড়ে শেষ হল মেট্রো রেলের কাজ।

চিংড়িঘাটা মোড়ে শেষ হল মেট্রো রেলের কাজ। — নিজস্ব চিত্র।

প্রায় দেড় বছর ধরে চিংড়িঘাটায় থমকে থাকা, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর উড়ালপথ নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ায় এই বছরেই ওই মেট্রোর সেক্টর পাঁচ পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা জোরদার হল। সোমবার ভোর ৫টা নাগাদ ৩৬৬ মিটার উড়ালপথের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজ সম্পূর্ণ করেন রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকেরা। নির্ধারিত সময় সকাল ৮টা বাজার ঘণ্টা তিনেক আগেই কাজ শেষ হয়। দু’দফায় মোট ১২০ ঘণ্টা যান চলাচল বন্ধ রেখে ই এম বাইপাসের উপরে ওই অংশের সংযুক্তির কাজ করা হয়।

গত বছরের জানুয়ারি মাসে চিংড়িঘাটা মোড়ের কাছে বাইপাসের উপরে মেট্রোর উড়ালপথ নির্মাণের প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কিন্তু, বাইপাসের উপরে ওই গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ রেখে মেট্রোর উড়ালপথের সংযুক্তির অনুমতি তৎকালীন রাজ্য প্রশাসন দিতে চায়নি। শহরের ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা সম্ভব নয় জানিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কাজ ফেলে রাখার অভিযোগ ওঠে। বিষয়টি উচ্চ আদালতে পৌঁছয়। আদালতের হস্তক্ষেপে দু’বার কাজেরনির্ঘণ্ট চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত রাস্তা বন্ধ করার অনুমতি না মেলায় কাজ এগোয়নি।

রাজ্যে পালাবদলের পরে এই সংক্রান্ত জট কাটে। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো এখন বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। চিংড়িঘাটার জট কাটায় ওই মেট্রো নিকো পার্ক সংলগ্ন গৌরকিশোর ঘোষ স্টেশন ছাড়িয়ে সেক্টর পাঁচ সংলগ্ন আইটি সেন্টার স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। ওই দু’টি মেট্রো স্টেশন আগেই তৈরি হয়েছে। অতীতে চিংড়িঘাটার জটকে কেন্দ্র করে গৌরকিশোর ঘোষ স্টেশন চালু করা নিয়েও জট তৈরি হয়েছিল। ওই স্টেশনের কারণে চিংড়িঘাটায় যানজট বাড়তে পরে বলেও প্রশাসন দাবি করেছিল।আইটি সেন্টার স্টেশন পূর্ব-পশ্চিম মেট্রোর সেক্টর পাঁচ স্টেশনের কাছেই। বিশ্ব বাংলা সরণির দু’পাশে থাকা দু’টি স্টেশন প্রশস্ত ফুট ওভারব্রিজ দিয়ে যুক্ত। ফলে, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো আইটি সেন্টার পর্যন্ত চালু হলে পূর্ব, মধ্য ও দক্ষিণ কলকাতার ব্যস্ত জনপদের অনেকটাই মেট্রো পরিষেবার আওতায় আসবে।

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো (অরেঞ্জ লাইন) উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) এবং পূর্ব-পশ্চিম মেট্রোর (গ্রিন লাইন) মধ্যে সংযোগকারী লাইন হিসেবে কাজ করবে। মেট্রোকর্তাদের আশা, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো আইটি সেন্টার পর্যন্ত সম্প্রসারিত হলে অরেঞ্জ লাইনে যাত্রী উল্লেখযোগ্য হারে বাড়বে। তথ্যপ্রযুক্তি তালুকের বেশির ভাগ যাত্রীই মেট্রোয় সফর করবেন। অদূর ভবিষ্যতের এই সম্ভাবনার দিকে তাকিয়ে চিংড়িঘাটার জট কেটে যাওয়াকে তাই ‘পুবের কলকাতায় মেট্রোর সূর্যোদয়’ বলে বর্ণনা করছেন আধিকারিকেরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Chingrighata Flyover Kolkata Metro

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy