আদর্শ আচরণবিধি জারি থাকা সত্ত্বেও সরকারি সম্পত্তি ব্যবহার করে শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে প্রচারের অভিযোগ তুলল বিজেপি। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোকন দাসের প্রচারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিজেপির অভিযোগ, বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সরকারি ভবনের উপরে থাকা জায়েন্ট স্ক্রিন ব্যবহার করে তৃণমূল প্রার্থীর প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে জনবহুল এলাকা কার্জনগেটের উল্টো দিকে অবস্থিত পুরসভার শৌচালয় ভবনের ছাদে থাকা স্ক্রিনে খোকনের নামে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ।
বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের দাবি, ‘‘নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকার পরেও প্রকাশ্যে এই ধরনের প্রচার সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটছে অথচ কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” তাঁর আরও অভিযোগ, শুধু কার্জনগেট এলাকা নয় শহরের বীরহাটা মোড় ও বড়নীলপুর মোড়েও একই ভাবে জায়েন্ট স্ক্রিনে শাসকদলের প্রার্থীর প্রচার চলছে। পাশাপাশি বিএসএনএল ভবনের দেওয়ালে রাজ্য সরকারের প্রচারের ডিসপ্লে বোর্ডও আচরণবিধি লঙ্ঘন করছে বলে দাবি বিজেপির। এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হবে বলেও দাবি বিজেপি প্রার্থীর।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে জেলাশাসক শ্বেতা আগরওয়াল বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”