নির্বাচনী প্রচারে টাকা বিলির অভিযোগ উঠল বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে একটি ভিডিয়োও। দেখা যাচ্ছে, এক জনের হাতে টাকা গুঁজে দিচ্ছেন বিজেপি প্রার্থী (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
প্রার্থী ঘোষণার পরে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন মৌমিতা। সেই প্রচারকে কেন্দ্র করেই তৈরি হয় তুমুল বিতর্ক। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে তাঁর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। ভিডিয়োটি পোস্ট করেছেন রূপম সিংহ নামে এক ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে, ‘ক্ষ্যাপাদা’ নামে পরিচিত এক ব্যক্তিকে নিয়ে ভিডিয়ো করার সময়ে গেরুয়া পাঞ্জাবি পরা এক ব্যক্তি বিজেপি প্রার্থীর হাতে একটি ১০০ টাকার নোট তুলে দেন। সেই নোটটি প্রার্থী নিজেই ‘ক্ষ্যাপাদা’র হাতে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক।
আরও পড়ুন:
ভিডিয়োতে আরও দেখা যায়, রূপমের এক প্রশ্নের উত্তরে মৌমিতা বলেন, ‘‘এখানে আগে বাচ্চারা খেলত। এখন তাদের খেলার জায়গা নেই। তারা অন্যত্র বসে অন্য কিছু করছে। সেটা বন্ধ করব।” ওই ভিডিয়োটি আবার শেয়ার হয়েছে ‘কালু ভাই’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। কোনও ভিডিয়োরই সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভাইরাল ভিডিয়োতে টাকা দেওয়ার মুহূর্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ঘটনাকে নির্বাচনী বিধিভঙ্গ বলে অভিযোগ তুলেছে তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘নির্বাচনী বিধি চালু হওয়ার পর এই ধরনের আচরণ অত্যন্ত গুরুতর। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।” তিনি আরও বলেন, ‘‘এই বিষয়ে কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল।’’ বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।