E-Paper

রাস্তা আটকে সভা, মমতা ও অভিষেককে নোটিসের নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মামলার নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৬:০০
(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কোর্টের নির্দেশ উপেক্ষা করে সম্পূর্ণ ভাবে রাস্তা অবরুদ্ধ করে সভা করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত, ২০১৮ সালে একটি জনস্বার্থ মামলায় হাই কোর্টের নির্দেশ ছিল যে শহরের প্রধান বা বড় রাস্তা সম্পূর্ণ বন্ধ করে কোনও সভা বা রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না। সেই নির্দেশ উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন মামলাকারী এবং আদালত অবমাননার মামলা দায়ের করেন তিনি। অভিযোগ, ২০২৫ সালের ২১ জুলাই শহিদ দিবস পালনের দিন সম্পূর্ণ ভাবে রাস্তা বন্ধ করে রেখেছিল তৎকালীন শাসকদল তৃণমূল।

শুক্রবার, সেই মামলা শুনানির জন্য উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মামলার নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়। আগামী ৩ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানায় কোর্ট। উল্লেখ্য, শহরের প্রধান রাস্তা আটকে রাজনৈতিক দলের সভা-অনুষ্ঠানের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলায় ২০১৮ সালে হাই কোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজনৈতিক কর্মসূচির জন্য কোনও বড় বা প্রধান রাস্তা অবরুদ্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ যানবাহন ও পথচারী চলাচলের জন্য এবং অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি পরিষেবার জন্য খোলা রাখতে হবে। রাজ্যের ৩৪টি রাজনৈতিক দলকে যুক্ত করা হয়েছিল সেই মামলায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC Calcutta High Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy