Advertisement
E-Paper

Bengal Polls: ‘২ মে-র পর বুঝবেন কত ধানে কত চাল’, কৈলাসকে মামলার হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র

সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারই মামলা করতে চলেছেন কৈলাসের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৬:১৮
কৈলাসের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের।

কৈলাসের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের। —নিজস্ব চিত্র

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র তোলা দুর্নীতির অভিযোগ সপাটে উড়িয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারই মামলা করতে চলেছেন কৈলাসের বিরুদ্ধে। পাশাপাশি এ-ও জানিয়েছেন, ‘‘২ মে-র পর উনি বুঝবেন কত ধানে কত চাল।’’

কৈলাসের অভিযোগ নিয়ে রবিবারই প্রতিক্রিয়া জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। সোমবার সাংবাদিক বৈঠক করে আরও এক ধাপ এগিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘উনি মিথ্যা, অসত্য, যুক্তিহীন, প্ররোচনামূলক বক্তব্য রাখেন। আমার সম্পর্কে যুক্তিহীন কথা বলেন। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, ওই তথ্য কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ করতে। আমি আদালতের দ্বারস্থ হচ্ছি। উনি মিথ্যা কথা বলেছেন। ওঁকে কোর্টে টেনে নিয়ে যাব। ওঁকে এর জবাব দিতে হবে।’’ আত্মপ্রত্যয় নিয়েই বিদায়ী খাদ্যমমন্ত্রী বলছেন, ‘‘আমি জ্যোতিপ্রিয় মল্লিক। আমি ছাড়ব না। ২ মে-র পর উনি বুঝতে পারবেন কত ধানে কত চাল।’’ কৈলাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন জ্যোতিপ্রিয়।

রবিবার সাংবাদিক বৈঠক করে কৈলাস দাবি করেন, রাজ্যে রেশনে প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা করে দুর্নীতি হয়েছে। বিজেপি-র হাতে ৫ বছরের দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি তাঁর। যদিও, জ্যোতিপ্রিয়র পাল্টা দাবি, রেশনে যে প্রক্রিয়ায় টাকা দেওয়া হয় তাতে দুর্নীতি হওয়া অসম্ভব। তাঁর অভিযোগ, দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াতে। জ্যোতিপ্রিয় ছাড়াও, তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি।

BJP TMC jyotipriyo mullick
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy