Advertisement
E-Paper

Bengal Polls: ১৩ মে হতে পারে ইদ, সামশেরগঞ্জ-জঙ্গিপুরে ভোটে আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি ইমাম-সংগঠনের

মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি চিঠিতে ভোট পিছিয়ে রমজান মাসের শেষে করার অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২১:২৭
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

১৩ মে হতে পারে ইদ। আর ওই দিনই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণের দিন ঠিক করেছে র্নিবাচন কমিশন। তারই প্রতিবাদ জানিয়ে সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ‘বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন’র চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া। সপ্তম দফায় ২৬ এপ্রিল ভোট মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা আসনে। কিন্তু বৃহস্পতিবার সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস মারা যান করোনা সংক্রমিত হয়ে। পর দিন শুক্রবার বিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বিকল্প দিন হিসেবে ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোট হবে বলে জানিয়ে দেয় কমিশন।

তার পরেই বৈঠকে বসে ইমাম অ্যাসোসিয়েশন। ঠিক হয়, কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে চিঠি পাঠানো হবে। যদিও কমিশনকে দেওয়া চিঠিতে শুধুমাত্র সামশেরগঞ্জের ভোটের কথাই উল্লেখ করা হয়েছে। ইয়াহিয়া বলেন, ‘‘চিঠিতে সামশেরগঞ্জের কথা উল্লেখ করা হলেও, আমাদের প্রতিবাদ জঙ্গিপুর নিয়েও। কারণ, যে দিন ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে, সে দিন ১৩ মে ইদ হতে পারে। যদি ১২ মে সন্ধ্যায় চাঁদ দেখা যায়। কারণ রমজান কখনও কখনও ২৯ দিনেও শেষ হয়ে যায়। ওই দিন ইদ না হলেও, তার প্রস্তুতি হিসেবেও মুসলমান সমাজ স্বাভাবিক কারণেই ব্যস্ত থাকে। তাই আমরা ইদ-উল-ফিতরের তিন দিন পর ভোট করানোর আবেদন জানিয়েছি।’’ বামফ্রন্টের পক্ষ থেকেও কমিশনে চিঠি দিয়ে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণের দিনবদলের দাবি জানানো হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের জেরে সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি চিঠিতে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট পিছিয়ে রমজান মাসের শেষে করার অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদের ওই দুই বিধানসভায় সংখ্যালঘু ভোটারদের আধিক্য রয়েছে।

Election Commission Vote adhir chowdhury Jangipur West Bengal Assembly Election 2021 Shamsherganj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy