প্রতীকী চিত্র।
স্নাতকে ফিজ়িয়োথেরাপি এবং অকুপেশনাল থেরাপি নিয়ে পড়ার জন্য এ বার থেকে দিতে হবে নিট ইউজি। এ কথা আগেই জানিয়েছিল ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনালস (এনসিএএইচপি)। এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই। তবে তা হচ্ছে না। নয়া বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, ফিজ়িয়োথেরাপি এবং অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক (বিপিটি এবং বিওটি) স্তরে ভর্তি হওয়ার জন্য এ বছর নিট ইউজি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়। কমিশনের দাবি, চলতি বছরের নিট ইউজি পরীক্ষার যে হেতু আসন্ন, তাই এত কম সময়ের মধ্যে বিপিটি বা বিওটি-তে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেলে জটিলতার সৃষ্টি হতে পারে। অন্তত কমিশনকে এমনই জানিয়েছে, জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হতে পারে এনটিএ। তাই চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা সম্ভব হবে না কমিশনের এই বিধি। তবে ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ থেকে, নিট ইউজি-র মাধ্যমেই ভর্তি নেওয়া হবে বিপিটি এবং বিওটি কোর্সে।
উল্লেখ্য, গত ডিসেম্বরেই ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনালস জানিয়েছিল, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নয়া বিধি। অ্যালায়েড অ্যান্ড হেলথ্কেয়ার নিয়ে স্নাতকে ভর্তির জন্য নিট ইউজি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছিল কমিশন।