IPL 2026

আইপিএলে হারের হ্যাটট্রিক লখনউয়ের, তবু ম্যাচ শেষে সঞ্চালককে ধন্যবাদ জানিয়ে গেলেন অধিনায়ক পন্থ!

ঋষভ পন্থের নেতৃত্বে আইপিএলে এ বারও ভাল জায়গায় নেই লখনউ। টানা তিনটি হারের পর তারা রয়েছে নবম স্থানে। রাজস্থানের কাছে হারের পর পন্থ পাশে পেয়েছেন সঞ্চালক সাইমন ডুলকে। তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৫২
Share:

ঋষভ পন্থ। ছবি: সমাজমাধ্যম।

প্রথম মরসুমে নেতৃত্ব দেওয়ার পর দল শেষ করেছিল সপ্তম স্থানে। ঋষভ পন্থের নেতৃত্বে এ বারও ভাল জায়গায় নেই লখনউ। টানা তিনটি হারের পর তারা রয়েছে নবম স্থানে। আবারও ফিকে হচ্ছে প্লে-অফে খেলার স্বপ্ন। রাজস্থানের কাছে হারের পর পন্থ পাশে পেয়েছেন সঞ্চালক সাইমন ডুলকে। তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

Advertisement

রাজস্থানের কাছে হারের পর কথা বলতে এসে বেশ বিধ্বস্ত লাগছিল পন্থকে। শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল তাঁর হতাশা। সমালোচনা করার বদলে ডুল পাশে দাঁড়ান এই উইকেটকিপারের। তাঁকে চাঙ্গা করার চেষ্টা করেন। সাক্ষাৎকারের শেষে পন্থ বলেন, “ধন্যবাদ আমার সঙ্গে এত নরম সুরে কথা বলার জন্য।”

তবে হারের নেপথ্যে গোটা দলকে কাঠগড়ায় তুলেছেন তিনি। পরিষ্কার জানিয়েছেন, ব্যাটিং বিভাগ উন্নতি না করলে পরিস্থিতি বদলানো সম্ভব নয়। পন্থের কথায়, “ব্যাট করার সময় আরও বেশি সময় নেওয়ার দরকার ছিল আমাদের। আমি নিজেকেও সেই তালিকায় রাখব। এটাকে অজুহাত হিসাবে খাড়া করতে চাই না। ম্যাচটা আরও বেশি দূর টেনে নিয়ে যাওয়ার দরকার ছিল। গত ম্যাচের পর বোলারেরা বেশ ভাল বল করেছে। তবে ব্যাটিং বিভাগের উদ্দেশে বলতে পারি, আমাদের আরও দায়িত্ববান হতে হবে এবং বোলারদের মতো পারফর্ম করতে হবে।”

Advertisement

পন্থ আরও বলেন, “গোটা দল হতাশ। কেউ খুশি হতে পারছে না এই পারফরম্যান্সে। ম্যাচ জেতার পথ দ্রুত খুঁজে বার করতে হবে আমাদের। দলের ভেতরে আলোচনায় উত্তর খুঁজতে হবে।” আইপিএলে সাতটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে লখনউ। তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement