ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অতিথিরা। ঘরভর্তি অতিথিদের অভ্যর্থনা জানাতে মঞ্চে উঠেছিলেন নবদম্পতি। তাঁদের হাতে ছিল ‘আগুন-বন্দুক’। কিন্তু মঞ্চের বাইরের দিকে ‘বন্দুক’-এর মুখ না রেখে পরস্পরের দিকে আগুন-বন্দুকটি তাক করলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হেডলাইন্স২৪এইচ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ের পোশাকে মঞ্চে উঠেছেন নবদম্পতি। তাঁদের দু’জনের হাতেই ছিল ‘আগুন-বন্দুক’। কথা ছিল, হাত থেকে সেই বন্দুকটি সামান্য উঁচু করে ধরবেন তাঁরা। যেন আগুনের ফুলকিগুলো বাইরের দিকে ছিটকে বার হয়। কিন্তু হাত বেশি উপরে না তুলে একটু বাঁকা ভাবে বন্দুকটি ধরেছিলেন নববধূ। বর ভাবলেন, তাঁর দিকেই বুঝি বন্দুক তাক করছেন নতুন বৌ।
মুহূর্তের মধ্যে তিনিও সরাসরি তরুণীর মুখের দিকে বন্দুক তাক করলেন। এক নজরে দেখে মনে হচ্ছিল, পরস্পরের দিকে বন্দুক তাক করে ‘লড়াই’ করছেন দু’জনে। নবদম্পতির এই কাণ্ড দেখে এক তরুণ তাঁদের আবার সঠিক ভাবে বন্দুক ধরতে বললেন। তখন যেন দু’জনের হুঁশ ফিরল। হাতে হাত রেখে মঞ্চের সামনে দাঁড়ানো অতিথিদের দিকে ঘুরে দাঁড়ালেন তাঁরা।
কিছু ক্ষণ পর বন্দুক থেকে আগুনের ফুলকি বেরোনোও বন্ধ হয়ে গেল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিয়ের পরেই বর-বৌ পরস্পরের প্রতি বিরক্ত হয়ে গিয়েছেন। সেই রাগেই মনে হয়, বন্দুক তাক করে ফেলেছেন।’’ আবার কেউ কেউ নবদম্পতিকে নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘‘এই ঘটনা কিন্তু খুব বিপজ্জনক। কোনও বিপদও ঘটে যেতে পারত।’’