ছবি: এক্স থেকে নেওয়া।
ব্যস্ত সময়ে রাস্তায় গাড়িঘোড়া, পথচারীর ভিড়। হঠাৎ একটি বৈদ্যুতিন গাড়ি সেই রাস্তা দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে দু’টি বাইককে ধাক্কা মেরে বেগতিক হয়ে অন্য রাস্তায় চলে যায় গাড়িটি। অন্য একটি গাড়ি এবং অটোর সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি সোজা গিয়ে রাস্তার ধারের একটি খাবারের দোকানের সামনে আছড়ে পড়ে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার বিকেলে হায়দরাবাদের কুকাতপল্লী এলাকায় ঘটেছে। বৈদ্যুতিন গাড়িটি বিবেকানন্দ নগর কামান থেকে অলউইন কলোনির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই মাঝরাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক খুব দ্রুত গতিতে চালাচ্ছিলেন। তার পরেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক, অটো এবং অন্য একটি গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারের দোকানে আছড়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কারণে ট্রাফিকের সমস্যা তৈরি হলেও কিছু ক্ষণের মধ্যে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পথ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। গাড়ির চালক কী ভাবে নিয়ন্ত্রণ হারালেন তা খতিয়ে দেখার জন্য তদন্ত চালাচ্ছে হায়দরাবাদ পুলিশ।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কোরিনা এনেট সুয়ারেস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।