Advertisement
E-Paper

দু’দিন যেতে না যেতেই ১৪ আসনে রিটার্নিং অফিসার বদল করল কমিশন, পূর্ব মেদিনীপুরে পরিবর্তন সবচেয়ে বেশি

পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে। সেখানে পাঁচটি আসনের রিটার্নিং অফিসার পরিবর্তন হয়েছে। এ ছাড়া ন’টি আসনে নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০০:২৯

—প্রতীকী চিত্র।

রাজ্যের ১৪টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসার বদলি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৯ জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। গত সোমবার তাঁদের নিয়োগ করেছিল কমিশনই। পাঁচ দিনের মাথায় ওই রিটার্নিং অফিসারদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে। সেখানে পাঁচটি আসনের রিটার্নিং অফিসার পরিবর্তন হয়েছে। এ ছাড়া ন’টি আসনে নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন। তার মধ্যে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন নন্দীগ্রামও। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি রাজর্ষি নাথকে নন্দীগ্রাম কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। কমিশন জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে ওই আধিকারিকদের দায়িত্ব নিতে হবে।

কমিশন জানিয়েছে, গত সোমবার দায়িত্ব নেওয়া ১৪ জনের জায়গায় নতুনেরা দায়িত্ব নেবেন। রিটার্নিং অফিসার বদল করা হয়েছে জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, যাদবপুর, জগৎবল্লভপুর, পুরশুড়া, ময়না, নন্দকুমার, হলদিয়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর এবং সোনামুখী আসনের। এ ছাড়া ফাঁসিদেওয়া, হরিহরপাড়া, করিমপুর, খানাকুল, নন্দীগ্রাম, কেশিয়াড়ি, বিনপুর, রাইপুর এবং বর্ধমান দক্ষিণ আসনে রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন। এর আগে ওই আসনগুলিতে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়নি।

গত সোমবার রাজ্যের ২০ জেলার ৭৩টি কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ করে কমিশন। সেই তালিকায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরও। সেখানে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে রিটার্নিং অফিসার হিসাবে পাঠায় কমিশন। ওই নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সঙ্গে ওই বিডিও-র যোগাযোগ রয়েছে। ফলে ওই রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। সুরজিৎকে সরানোর দাবি জানিয়ে কমিশনে চিঠি দেয় তৃণমূল। এই অবস্থায় বৃহস্পতিবার মুখ্যসচিবের কাছে তিন জন অফিসারের নাম চেয়ে পাঠায় কমিশন। তারই মধ্যে ১৪টি আসনে নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করল কমিশন। যদিও তালিকায় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর নেই।

কোনও কেন্দ্রের নির্বাচনে রিটার্নিং অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের মনোনয়ন দাখিল থেকে শুরু করে নির্বাচন পরিচালনা সবটাই তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। কোনও কেন্দ্রের ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা, প্রার্থীদের মনোনয়নগ্রহণ এবং যাচাই, প্রার্থীদের হলফনামা প্রকাশ, প্রতীক দেওয়া, ভোট কর্মীদের প্রশিক্ষণ, ভোটের ফল ঘোষণার মতো কাজ করেন রিটার্নিং অফিসার।

Election Commission returning Officers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy