Advertisement
E-Paper

আরাবুলকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না, আইএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে! বলেই দিলেন সেলিম

যেহেতু বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে আইএসএফ ভোটে লড়ছে, সেই সূত্রেই প্রশ্ন ছিল আরাবুলের প্রশ্নে সিপিএমের অবস্থান কী হবে? স্পষ্ট জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:৩২
CPM West Bengal state secretary Mohammed Salim expresses displeasure with ISF\\\\\\\'s decision of giving an election ticket to Arabul Islam

(বাঁ দিকে) আরাবুল ইসলাম, মহম্মদ সেলিম (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভাঙড়ের ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে সম্প্রতি যোগ দিয়েছিলেন নওশাদ সিদ্দিকির আইএসএফে। তাঁকেই ক্যানিং পূর্ব আসনে প্রার্থী করে দিয়েছে আইএসএফ। যেহেতু বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে আইএসএফ ভোটে লড়ছে, সেই সূত্রেই প্রশ্ন ছিল আরাবুলের প্রশ্নে সিপিএমের অবস্থান কী হবে? বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দিলেন, ওই ব্যক্তিকে ‘বগলদাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না’। সিপিএম এবং বামফ্রন্টের মনোভাবের কথা আইএসএফ-কে জানিয়ে দেওয়া হয়েছে।

আরাবুলকে আইএসএফের প্রার্থী করার বিষয়ে সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। যাকে পরাস্ত করতে লড়াই করছি, তাকে বদলদাবা করা কোনও সুস্থ লক্ষণ নয়।’’ তিনি আরও বলেন, ‘‘সিপিএম এবং বামফ্রন্ট এটা অনুমোদন করে না। আমরা জানিয়ে দিয়েছি (আইএসএফ-কে)।’’

এ প্রসঙ্গে আইএসএফের নিচুতলার কর্মীদের উদ্দেশেও আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আইএসএফ কর্মীকে খুন করার অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ তুলে আইএসএফের কর্মীদের উদ্দেশে আবেদন জানিয়েছেন তিনি।

গত বিধানসভা ভোটেও এই রকম বিড়ম্বনায় পড়তে হয়েছিল সিপিএম-কে। হুগলির জাঙ্গিপাড়া আসনে আইএসএফ শেখ মউনুদ্দিন ওরফে বুদোকে প্রার্থী করায় সিপিএমের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছিল। তৃণমূলত্যাগী ওই আইএসএফ প্রার্থী সিপিএমের জাঙ্গিপাড়া জোনাল কমিটির দফতরে রাজ্য নেতা শ্রীদীপ ভট্টাচার্য এবং সুনীল সরকারকে (প্রয়াত) পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ ছিল। তাই মইনুদ্দিনের প্রচারেই যাননি স্থানীয় সিপিএম নেতৃত্ব। কিন্তু বুদো আর আরাবুল এক নন। আরাবুল ভাঙড়ের নেতা হলেও নানা কারণে তাঁর পরিচিতি ‘সর্বজনীন’। ফলে বুদোর বেলায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলেও এ বার ছিল না। তা হলে দলের মধ্যেই ক্ষোভ তৈরি হত। সেই সুযোগ রাখলেন না সেলিম।

বৃহস্পতিবার আরও সাতটি আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। সাত জনই সিপিএমের প্রতীকে লড়বেন। জঙ্গিপুরে অলোককুমার দাস, রঘুনাথগঞ্জে আবুল হাসনাত, নাকাশিপাড়ায় শুক্লা সাহা, রানাঘাট উত্তর পশ্চিমে দেবাশিস চক্রবর্তী, রানাঘাট উত্তর পূর্ব (তফসিলি) আসনে মৃণাল বিশ্বাস, এগরায় সুব্রত পণ্ডা এবং ময়ূরেশ্বরে লড়বেন জয়ন্ত ভল্লা।

Md Salim Arabul Islam ISF West Bengal Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy