Advertisement

এ বার ইডি! শুক্রবার সকাল থেকে কলকাতার একটি নির্মাণকারী সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান

দিন কয়েক আগে এই নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত বাড়ি, ফ্ল্যাট এবং দফতরে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই মামলার সূত্র ধরে শুক্রবার আবার ওই নির্মাণকারী সংস্থার একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১০:০০
ED raids several places of Kolkata on Friday

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিধানসভা নির্বাচনের মুখে তৎপরতা ইডির। শুক্রবার সকাল থেকে একটি রিয়্যাল এস্টেট সংস্থার বেশ কয়েকটি সংস্থার কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে তারা। সল্টলেক-সহ একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা।

শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বার হয় ইডির একাধিক দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা যায়, ইডি হানা দিয়েছে নির্দিষ্ট ওই নির্মাণকারী সংস্থার একাধিক ঠিকানায়। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলাতেই এই তল্লাশি অভিযান। উল্লেখ্য, দিন কয়েক আগে এই নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত বাড়ি, ফ্ল্যাট এবং দফতরে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। ইডির দাবি ছিল, ভোটের মুখে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে এবং জমি সংক্রান্ত কিছু বিষয়ে লেনদেনের তথ্যতল্লাশে এই অভিযান। সেই অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শুক্রবার আবার ওই নির্মাণকারী সংস্থার দফতর-সহ কয়েকটি জায়গায় হানা দিয়েছে ইডি, এমনই খবর সূত্রের।

অন্য দিকে, ইডি ছাড়াও কলকাতায় তল্লাশি অভিযান চালাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা আয়কর দফতর। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি-সহ একাধিক জায়গায় শুক্রবার সকালে হানা দিয়েছে তারা। ভোটের মুখে দুই কেন্দ্রীয় সংস্থার জোড়া তল্লাশি অভিযানকে নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল তৃণমূল। শুক্রবার সকালে আয়কর বিভাগের একটি দল পৌঁছে যায় রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিসের মনোহরপুকুর রোডের বাড়িতে। শুধু বাড়ি নয়, মনোহরপুকুর রোডে তাঁর নির্বাচনী কার্যালয়েও হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। পাশাপাশি, মতিলাল নেহরু রোডে দেবাশিসের একটি কার্যালয় রয়েছে। সেখানেও হানা দেন আয়কর আধিকারিকেরা। তবে স্থানীয় তৃণমূলের দাবি, ওই কার্যালয় দেবাশিসের হলেও বর্তমানে সেখান থেকেই নির্বাচনের কাজকর্ম করছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

Advertisement

শুধু আয়কর নয়, ইডির নজরেও রয়েছেন দেবাশিস। সম্প্রতি জমি সংক্রান্ত এক মামলায় তাঁকে তিন বার তলব করা হয়েছিল। প্রথমে ১ এপ্রিল, তার পরে ৩ এপ্রিল এবং ৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডাকা হয় তাঁকে। ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন দেবাশিস। এ বার তাঁর বাড়িতে আয়কর। আর অন্য এক মামলায় শহরে শুক্রবার তল্লাশি চালাচ্ছে ইডি।

ED Raid in Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy