অনির্দিষ্ট কাল এমবিবিএস-এর পড়াশোনা চালিয়ে যাওয়ায় ইতি টানা হয়েছিল ২০২৩-এই। সে সময় ন্যাশনাল মেডিক্যাল কমিশন-এর (এনএমসি) ‘গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশন ২০২৩’-এ বলা হয়েছিল, সাড়ে পাঁচ বছরের এমবিবিএস পাঠ্যক্রম শেষ করার জন্য সর্বোচ্চ ন’বছরের সময় পাবেন পড়ুয়া। সেই মেয়াদই আরও এক বছর বৃদ্ধি করা হল।
সম্প্রতি এই মর্মে এনএমসি একটি খসড়া প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে সংশোধিত ‘গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) রেগুলেশন ২০২৬’ অনুযায়ী ওই নিয়মে খানিক পরিবর্তন করা হয়েছে। সাড়ে পাঁচ বছর পরেও যদি কোনও পরীক্ষার্থী এমবিবিএস পাশ না করতে পারেন, তা হলে সে মোট চার বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সেই চার বারের মধ্যেই তাঁকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। এর মধ্যে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজ়িয়োলজি নিয়ে প্রথম বছর শেষ করতে হবে সর্বাধিক চার বারের চেষ্টায়, এই নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, সর্বাধিক তিন বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। এর মধ্যে পাশ করতে না পারলে স্বাভাবিক ভাবেই এমবিবিএস পড়ায় ইতি পড়বে বলে ওই বিধিতে জানানো হয়েছে। ধার্য ১০ বছরের মধ্যে এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:
তবে, এনএমসি এই নিয়মটি সরাসরি কার্যকর করছে না। সম্ভাব্য মেডিক্যাল পড়ুয়া, অভিভাবক বা কলেজ কর্তৃপক্ষের মতামত জানতে চাওয়া হয়েছে। কোনও আপত্তি থাকলে বা পরামর্শ দেওয়ার থাকলে খসড়া প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে এর তা জানানোর সুযোগ রয়েছে। এনএমসি-র দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে ই-মেলের মাধ্যমে এই মতামত পাঠানো যাবে। ৩০ দিন পরেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ বিষয়ে।