Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ ছাড়া তিন রাজ্য আর এক কেন্দ্রশাসিত অঞ্চলে একটি দফাতেই বিধানসভা ভোট হচ্ছে! কোথায় কবে ভোট, গণনা কবে?

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বাদে বাকি চারটি জায়গায় এক দফাতেই নির্বাচন হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৯:০৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বাদে বাকি চারটি জায়গায় এক দফাতেই নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গেই ওই তিন রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ৪ মে ভোটগণনা হবে।

যে চারটি রাজ্য এব‌ং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হতে চলেছে, সেগুলির মধ্যে আসনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে বিধানসভা আসন ২৩৪টি। প্রতিটি আসনেই ভোট হবে ২৩ এপ্রিল। অর্থাৎ তামিলনাড়ুতে এক দফাতেই বিধানসভা ভোট হতে চলেছে।

তামিলনাড়ুর মতোই এক দফায় ভোট হবে দক্ষিণের আর এক রাজ্য কেরলে। সেখানকার ১৪০টি আসনে ভোট হবে ৯ এপ্রিল। উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমেও এক দফায় বিধানসভা ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন। সে রাজ্যের ১২৬টি আসনে ভোট হবে ৯ এপ্রিল।

কেন্দ্রশাসিত অঞ্চল হলেও দিল্লির মতো পুদুচেরিতেও বিধানসভা রয়েছে। পুদুচেরি বিধানসভার ৩০টি আসনে জনগণের ভোটে প্রার্থী নির্বাচিত হন। আর বিধানসভার তিন জন সদস্যকে মনোনীত করে কেন্দ্র। পুদুচেরির ৩০টি আসনেই অসম, কেরল এবং তামিলনাড়ুর সঙ্গে আগামী ৯ মে ভোট হবে।

২০২১ সালেও তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে এক দফাতেই বিধানসভা নির্বাচন হয়েছিল। অসমে অবশ্য ভোট হয়েছিল তিন দফায়। যা কমিয়ে এ বার এক দফা করা হয়েছে।

কেরলে টানা ১০ বছর ক্ষমতায় রয়েছে সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)। এই রাজ্যে লড়াই মূলত এলডিএফ-এর সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোট (ইউডিএফ)-এর। তবে ইদানীং সে রাজ্যে শক্তিবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে বিজেপিও। গত ডিসেম্বরে কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের পুরসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। শুধু তা-ই নয়, বরাবর বাম-কংগ্রেসের দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখে অভ্যস্ত কেরলে ২০২৪ সালে ত্রিশূর লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি।

তামিলনাড়ুতে গত বিধানসভা নির্বাচনে পালাবদল হয়। জয়ললিতার দল এডিএমকে-কে হারিয়ে জয়ী হয় ডিএমকে। মুখ্যমন্ত্রী হন প্রয়াত এম করুণানিধির পুত্র এমকে স্ট্যালিন। এ বার সে রাজ্যে লড়়াই মূলচ ডিএমকে-র নেতৃত্বাধীন জোট এবং এডিএমকে-বিজেপির জোটের মধ্যে। তবে তৃতীয় শক্তি হিসাবে লড়াইয়ে আছে অভিনেতা-রাজনীতিক ‘থলপতি’ বিজয়ের দল টিভিকে-ও।

২০১৬ সাল থেকে অসমে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই রাজ্যে লড়াই মূলত কংগ্রেস এবং তাদের নেতৃত্বাধীন জোটের মধ্যে। ২০২১ সালে পুদুচেরির বিধানসভা নির্বাচনে জয়ী হয় এন রঙ্গস্বামীর অল ইন্ডিয়া এনআর কংগ্রেস। কংগ্রেস ভেঙে এই দল গঠন করেছিলেন রঙ্গস্বামী। গত বিধানসভা ভোটে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-র শরিক ছিলেন তিনি। এ বারেও এখানে লড়াই এনডিএ-র সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। এনডিএ শিবিরে এনআর কংগ্রেস ছাড়াও রয়েছে বিজেপি এবং এডিএমকে। আর ‘ইন্ডিয়া’-তে রয়েছে কংগ্রেস, ডিএমকে, সিপিআই এবং ভিসিকে।

রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে ছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে দু’দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি কেন্দ্রে নির্বাচন হবে। ভোটগণনা হবে ৪ মে।

Assembly Elections ECI Tamil Nadu Kerala Assam Puducherry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy