Advertisement
E-Paper

পোস্টাল ব্যালটের মাধ্যমে কারা ভোট দিতে পারবেন? নির্ঘণ্ট ঘোষণার দিনই জানিয়ে দিল নির্বাচন কমিশন

জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ভোটারদের নির্বাচনের দিন ভোট দিতে যেতে সমস্যা হয়। তাঁদের কথা বিবেচনা করেই এই বিশেষ সুবিধা দেয় কমিশন। কারা পাবেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২৩:২০
ভোটার তালিকা।

ভোটার তালিকা। —ফাইল চিত্র।

পোস্টাল ব্যালটের মাধ্যমে কারা ভোট দিতে পারবেন, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবারই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

বিশেষ কিছু পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের নির্বাচনের সময়ে এই সুবিধা দেয় কমিশন। জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ভোটারদের নির্বাচনের দিন ভোট দিতে যেতে সমস্যা হয়। তাঁদের কথা বিবেচনা করেই এই বিশেষ সুবিধা দেয় কমিশন। রেল পরিষেবা, মেট্রো রেল পরিষেবা, রাজ্য দুগ্ধ ইউনিয়ন এবং সমবায়, স্বাস্থ্য দফতর, সড়ক পরিবহণ নিগম, অগ্নিনির্বাপক পরিষেবা (দমকল), পুলিশ, ট্রাফিক পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড, কারা দফতর, আবগারি দফতর, ট্রেজ়ারি পরিষেবা, তথ্য ও জনসংযোগ দফতর, অ্যাম্বুলেন্স পরিষেবা, খাদ্য ও গণবণ্টন, বিদ্যুৎ বিভাগ এবং নির্বাচন কমিশন অনুমোদিত সংবাদকর্মীরা পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা পান। পাশাপাশি দেশের সকল সেনাকর্মী এবং নির্বাচন কমিশন নিযুক্ত ভোটকর্মীরাও পৃথক উপায়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ পান।

কমিশন জানিয়েছে, কোনও ভোটারের কাছে এপিক কার্ড না থাকলে তিনি ১২টি বিকল্প নথির যে কোনও একটি দেখিয়ে ভোট দিতে পারবেন। এই নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, জব কার্ড, ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে জারি করা ছবি-সহ পাসবই, শ্রম মন্ত্রকের জারি করা হেল্‌থ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর-এর অধীনে আরজিআই দ্বারা জারি করা স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং ছবি-সহ পেনশনের নথি। পাশাপাশি কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের ছবি-সহ পরিচয়পত্র এবং সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের দেওয়া সরকারি পরিচয়পত্রকেও বিকল্প নথি হিসাবে গ্রহণ করা হবে।

বিশেষ ভাবে সক্ষমদের ‘ইউনিক ডিসঅ্যাবিলিটি আইডি কার্ড’-ও গৃহীত হবে ভোট দানের জন্য বিকল্প নথি হিসাবে। কমিশন আরও জানিয়েছে, প্রবাসী ভারতীয় যে সব ভোটার পাসপোর্ট দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, তাঁদের ভোটকেন্দ্রে শুধুমাত্র আসল পাসপোর্টই দেখাতে হবে। ভোটার কার্ডে সামান্য বানান ভুল বা ছাপার ভুল থাকলেও, যদি ভোটারের পরিচয় নিশ্চিত করা যায়, তবে সেই কার্ড গ্রহণ করা হবে।

এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও বিধানসভা ভোট রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে দু’দফায়। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফাতেই ভোট হবে। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের গণনা হবে একই দিনে, ৪ মে।

Postal Ballot Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy