কখনও রোদ, কখনও ভ্যাপসা গরম। অতিরিক্ত আর্দ্রতায় সারা দিন অস্বস্তি। এমন সময়ে আপনার চুল অবাধ্য হয়ে ওঠে কথায় কথায়। সর্বনাশ হয় সাধের কেশসজ্জারও। কারও চুলে প্রবল জট পড়ে। কারও কপালের চুলের রেখা বরাবর ছোট ছোট চুল ফুলেফেঁপে ওঠে। কারও বা গোটা মাথাতেই চুলের বাড়বৃদ্ধি ঘটতে থাকে। বাধা মানে কেউই, উড়নচণ্ডী হয়ে ওঠে। এমন সময়ে কী ভাবে খর্ব করা যায় তাদের স্বাধীনতা?
জট পড়ার প্রবণতা কমান গরমে। ছবি: সংগৃহীত
আর্দ্র পরিবেশে চুল বাতাস থেকে জল টেনে নেয়। এতে চুলের কিউটিকল ফুলে ওঠে এবং চুল হয়ে যায় রুক্ষ ও অগোছালো। বিশেষ করে শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুলে এই সমস্যা বেশি দেখা যায়। সামান্য পরিবর্তনেই কিন্তু চুল অনেকটা মসৃণ রাখা সম্ভব।
কী করবেন আর কী করবেন না—
১. শ্যাম্পু বদল: আপনার শ্যাম্পুতে কি সালফেট রয়েছে? কিন্তু এই রাসায়নিকমুক্ত প্রসাধনী ব্যবহার করলে বেশি উপকার মিলবে। মৃদু শ্যাম্পু ব্যবহার করলে চুলের আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এক দিকে যেমন মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেওয়ার ঝুঁকি নেই, অন্য দিকে অতিরিক্ত তৈলাক্ত করবে না চুলকে। চুলে যত বেশি আর্দ্রতা থাকবে, ততই বাইরে থেকে আর্দ্রতা টেনে নেওয়ার প্রবণতা কমবে। তাই নিয়মিত ভাল ময়েশ্চারাইজ়িং শ্যাম্পু ব্যবহার করা জরুরি।
চুলের যত্ন নিন। ছবি: সংগৃহীত
২. লিভ-ইন কন্ডিশনার মাখা: চুলে একটি সুরক্ষা স্তর তৈরি করতে হবে। যার ফলে আর্দ্রতা ঢুকতে পারবে না বাইরে থেকে। এতে চুল মসৃণ থাকে এবং কম জট পড়ে। তাই শ্যাম্পুর পর বাইরে বেরোতে হলে লিভ-ইন কন্ডিশনার মেখে নিতে হবে। এতে ক্ষতির হাত থেকেও রক্ষা পাবে চুল। সিরামও মেখে দেখতে পারেন।
৩. তাপের ব্যবহার কমানো: গরমের সময়ে তাপ উৎপন্নকারী যন্ত্র যথাসম্ভব কম ব্যবহার করা উচিত। বার বার স্ট্রেটনার বা ব্লো ড্রায়ার ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যায়, ফলে জট পড়ার প্রবণতা বাড়ে। প্রয়োজন হলে হিট প্রোটেকশন ব্যবহার করা জরুরি।
গরমে কী কী করবেন না? ছবি: সংগৃহীত
৪. তোয়ালে বদল: চুল ধোয়ার পর জোরে ঘষে ঘষে মাথা মুছলে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। তার বদলে মাইক্রোফাইবার তোয়ালে বা নরম কাপড় দিয়ে আলতো করে জল শুষে নিন। এতে চুলে ভাঙন ধরার প্রবণতা কমে। নয়তো চুলের আগা ফেটে গিয়ে আরও অগোছালো হয়ে পড়ে।
৫. কেশসজ্জা বদল: পরিবেশের অত্যাচার থেকে চুলকে বাঁচাতে বাইরে বেরোনোর সময়ে সাবধানতা অবলম্বন করুন। বিনুনি বা খোঁপা করে রাখুন, অথবা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখুন। যতটা সম্ভব রোদের থেকে দূরে রাখুন চুলকে।
আরও পড়ুন:
এই গরমে চুলের জট পড়া বা ফুলে ওঠার সমস্যা পুরোপুরি এড়ানো সম্ভব নয়, বিশেষ করে আর্দ্র আবহাওয়ায়। কিন্তু সঠিক ভাবে যত্ন নিলে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।