জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার করেছেন— এমনই অভিযোগ উঠল উত্তর কলকাতার মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে। ফুলবাগান থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানালেন দু’টি আবাসনের বাসিন্দা। তাঁদের অভিযোগ, বিনা অনুমতিতে দলবল নিয়ে আবাসন চত্বরে ঢুকে নির্বাচনী প্রচার করেছেন প্রবীণ রাজনীতিক। তিনি রক্ষীদের বাধা মানেননি এবং বাধা দেওয়ায় রক্ষীদের শাসিয়েছেন বলেও অভিযোগ। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তাপস।
ফুলবাগান থানায় একটি অভিযোগপত্রে কলকাতার ৩১ নম্বর ওয়ার্ডের একটি আবাসন কর্তৃপক্ষ জানিয়েছেন, মানিকতলার বিজেপি প্রার্থী তাঁদের আবাসনের নিয়ম-কানুন ভেঙেছেন। বিজেপি প্রার্থী ওই আবাসনের রক্ষীদের বাধা উপেক্ষা করে আবাসনে ঢোকেন এবং প্রচার শুরু করেন। কিন্তু এ ভাবে বাইরের কেউ সেখানে হুটহাট করে ঢুকে পড়তে পারেন না বলে জানিয়েছেন ওই আবাসনের কর্তৃপক্ষ। তাপস আগে থেকে কারও অনুমতিও নেননি। এতে আবাসনের সুরক্ষা এবং বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় কথা সেখানকার বাসিন্দাদের সম্মতির অপেক্ষাই করেননি তাপস।
আর একটি আবাসন কর্তৃপক্ষের দাবি, সেখানে প্রচার করতে বাধা দেওয়া হলে এক জনকে বার বার ফোন করেন তাপস। তাঁদের বক্তব্য, বিজেপি প্রার্থী যে ভাষায় কথা বলেছেন, তা অনৈতিক এবং অন্যায্য। তাঁরা পুলিশকে এ-ও জানান, জোরপূর্বক আবাসনে ঢুকে ভোটপ্রচার করা এবং শাসানি দেওয়া নিয়মবিরুদ্ধ। ওই প্রার্থীর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন:
যদিও দু’টি অভিযোগই উড়িয়ে দিয়েছেন তাপস। আনন্দবাজার ডট কম-কে প্রবীণ রাজনীতিক বলেন, ‘‘মিথ্যাচারের তো কোনও উত্তর হয় না। তাই আমি এর জবাবও দেব না। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ এমন অভিযোগ করতে পারেননি। মিথ্যা অভিযোগ নিয়ে আমি কোনও মন্তব্যই করব না।’’