Advertisement
E-Paper

অধীরের জেলা থেকেই প্রচার শুরু করবেন রাহুল, পরে আসবেন প্রিয়ঙ্কাও! বহরমপুর নিয়ে পরিকল্পনা চলছে

এ বারের নির্বাচনে বামেদের সঙ্গে কোনও আসন বোঝাপড়ার পথে এগোয়নি কংগ্রেস। একক শক্তিতেই নেমেছে ভোটের ময়দানে। ভোটের প্রচারে রাহুল-প্রিয়ঙ্কারা এলে প্রদেশ কংগ্রেসের লড়াই কিছুটা শক্তি পাবে বলে মনে করছেন অনেকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০১:৪৮
(বাঁ দিক থেকে) অধীররঞ্জন চৌধুরী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী।

(বাঁ দিক থেকে) অধীররঞ্জন চৌধুরী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী। — ফাইল চিত্র।

বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রচার শুরু করছেন অধীররঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদ জেলা থেকেই। আগামী মঙ্গলবার, ১৪ এপ্রিল মুর্শিদাবাদে জেলায় আসছেন রাহুল। ওই দিন মুর্শিদাবাদের শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে সভা করবেন কংগ্রেস নেতা।

পরে প্রথম দফা ভোটের আগে ফের রাজ্যে আসতে পারেন রাহুল। আসতে পারেন প্রিয়ঙ্কা গান্ধীও। অধীরের কেন্দ্র বহরমপুরেও তাঁদের প্রচার কর্মসূচি রাখার পরিকল্পনা চলছে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। ওই দফাতেই ভোট রয়েছে মালদহ এবং মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্রগুলিতে।

সূত্রের খবর, প্রথম দফার ভোট প্রচারের একেবারে অন্তিম পর্বে আরও কয়েকটি দিন রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধীর জন্য ধরে রেখেছে প্রদেশ কংগ্রেস। জানা যাচ্ছে, আগামী ১৮-২১ এপ্রিল মালদহ এবং মুর্শিদাবাদে রাহুল ও প্রিয়ঙ্কার জনসভার জন্য ধরে রাখা হয়েছে। রাহুল এবং প্রিয়ঙ্কার কাছ থেকে সবুজ সঙ্কেত মিললেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ওই পর্বে বহরমপুরেও তাঁদের প্রচার কর্মসূচি রাখার পরিকল্পনা চলছে।

Advertisement

কেরল, অসম, পুদুচেরিতে বিধানসভা ভোট ইতিমধ্যে মিটে গিয়েছে। দুই রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট মিটতেই এ বার পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে আসতে চলেছেন রাহুল। উল্লেখ্য, এর আগে গত লোকসভা ভোটের সময়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে আসেননি রাহুল। তবে বিধানসভা ভোটে আসছেন প্রচারে।

বস্তুত, এ বারের নির্বাচনে বামেদের সঙ্গে কোনও আসন বোঝাপড়ার পথে এগোয়নি প্রদেশ কংগ্রেস। একক শক্তিতেই নেমছে ভোটের ময়দানে। ভোটের প্রচারে রাহুল-প্রিয়ঙ্কারা এলে প্রদেশ কংগ্রেসের লড়াই কিছুটা শক্তি পাবে বলে মনে করছেন অনেকে। চলতি সপ্তাহেই প্রদেশ কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হয়েছে। সেই ইস্তাহার প্রকাশের কর্মসূচিতেও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারদের পাশে দাঁড়াতে উপস্থিত ছিলেন কংগ্রসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

Rahul Gandhi Priyanka Gandhi Vadra Adhir Chowdhury Murshidabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy