বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে পদ্ম-নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ়। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:
বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সূত্রের খবর এমনটাই। মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে পদ্ম-নেতৃত্বের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার বৈঠক হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন লিয়েন্ডার পেজ়। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব।
নিউ টাউনের যে হোটেলে নিতিন রয়েছেন, সেই হোটেলে গিয়েছিলেন লিয়েন্ডার। ওই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েক জন বিজেপি নেতার সঙ্গে লিয়েন্ডারকে কথা বলতে দেখা গিয়েছে। অবশ্য সে সময় বিজেপি-র যে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের বেশির ভাগই ভিন্ রাজ্যের। সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপি-র সঙ্গে যোগাযোগ হয়েছিল লিয়েন্ডারের।
গত ৮ নভেম্বর লিয়েন্ডার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। কয়েক মাসের মধ্যে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন লিয়েন্ডার, যা নিয়ে কলকাতার টেনিসকর্তারা বিস্মিত। কেউ কিছু জানতেন না। টেনিসমহলের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান লিয়েন্ডার। হয়তো সেই কারণে এই পদক্ষেপ। তবে ভোটের টিকিট পাবেন কি না বা রাজনীতির কী অঙ্ক, সেই বিষয়ে বিটিএ এবং টেনিসমহলের কোনও ধারনা নেই।
প্রসঙ্গত, ২০২১ সালের ২১ নভেম্বর গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার। মূলত সেই সময় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের উদ্যোগেই এই যোগদান হয়েছিল বলে জানা যায়। কিন্তু লিয়েন্ডারকে কখনওই তৃণমূলের হয়ে কোনও ক্ষেত্রেই সক্রিয় ভাবে দেখা যায়নি।