Advertisement
E-Paper

ব্রিগেড সমাবেশের দিন গিরিশ পার্কে কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন? প্রশ্ন তুলে বিজেপির চিঠি কমিশনকে, কড়া পদক্ষেপের দাবি

রাজ্য বিজেপির তরফ থেকে কমিশনের সঙ্গে সমন্বয় রাখার দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির বাজোরিয়া চিঠিটি লিখেছেন। চিঠিতে তিনি প্রথমেই জানিয়েছেন ১৪ মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকার অশান্তির ঘটনার কথা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৮:১৩
গিরিশ পার্কের ঘটনা নিয়ে কমিশনকে চিঠি পাঠাল বিজেপি।

গিরিশ পার্কের ঘটনা নিয়ে কমিশনকে চিঠি পাঠাল বিজেপি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গিরিশ পার্কে অশান্তির ঘটনা নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল পশ্চিমবঙ্গ বিজেপি। অশান্তি হতে পারে বলে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল বলে বিজেপির দাবি। তাদের অভিযোগ, এই ভাবেই প্রত্যেক বার কেন্দ্রীয় বাহিনীকে ভোটের সময়ে পুলিশ অকেজো রাখে। এ বার যাতে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না-হয়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে চিঠিতে।

রাজ্য বিজেপির তরফ থেকে কমিশনের সঙ্গে সমন্বয় রাখার দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির বাজোরিয়া চিঠিটি লিখেছেন। চিঠিতে তিনি প্রথমেই জানিয়েছেন ১৪ মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকার অশান্তির ঘটনার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে বাসে করে ব্রিগেড ময়দানের দিকে যাওয়ার সময়ে বিজেপি সমর্থকেরা আক্রান্ত হন বলে চিঠিতে লেখা হয়েছে। ইট-পাটকেল ছুড়ে তাঁদের উপরে হামলা হয়েছে এবং অনেককেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে কমিশনকে।

নির্বাচন ঘোষণার বেশ কিছুটা আগেই এ বার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বাহিনীর টহলদারি চলবে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু শনিবার গিরিশ পার্কে বা কলকাতার অন্য কোনও এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে বা টহল দিতে দেখা যায়নি। বিজেপি কমিশনকে জানিয়েছে যে, গিরিশ পার্ক এলাকায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল, কারণ অশান্তি হতে পারে বলে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। তা সত্ত্বেও কেন ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, প্রশ্ন তুলেছে বিজেপি।

গত ৯ মার্চ কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধিরা জানিয়েছিলেন যে, এ রাজ্যে ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলেও রাজ্য প্রশাসন সে বাহিনীকে কাজে লাগায় না। বাহিনীকে জাতীয় সড়কে এবং শান্তিপূর্ণ এলাকায় টহল দিতে পাঠানো হয়। যে সব এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিলে ভোটারদের মনোবল বাড়বে, সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় না। রবিবারের চিঠিতে সে কথা ফের কমিশনকে মনে করিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। গিরিশ পার্কে শনিবার কেন্দ্রীয় বাহিনী না-নামানো সেই সব ঘটনারই পুনরাবৃত্তির লক্ষণ বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসা সত্ত্বেও তাকে অকেজো করে রাখা হলে হিংসা রুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানো যাবে কি না, সে বিষযে রাজ্যবাসীর মনে ফের সংশয় তৈরি হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন শিশির।

বিজেপির দাবি, গিরিশ পার্কে কেন্দ্রীয় বাহিনী না-নামানোর জন্য যে আধিকারিকেরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করতে হবে। এর পর থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আর কোনও সমস্যা যাতে না-থাকে, তাও নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, শনিবার বিজেপির ব্রিগেড সমাবেশমুখী একাধিক বাসের উপরে হামলার ঘটনা ঘটে গিরিশ পার্ক এলাকায়। এলাকার বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার অনুগামীরা সেই হামলা চালাচ্ছিলেন বলে বিজেপির দাবি। তৃণমূলের অবশ্য অভিযোগ, ব্রিগেডমুখী বিজেপি কর্মীরা বিনা প্ররোচনায় অশান্তি তৈরি করেছেন। অশান্তিতে শশীর বাড়িও আক্রান্ত হয়। দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হন।

BJP CAPF Girish Park CEC Violence Letter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy