ভারতে সন্তানকে লালন-পালন করার খরচ প্রায় সাত কোটি! দাবি করলেন আর্থিক উপদেষ্টা, দিলেন হিসাবও
আর্থিক উপদেষ্টা তথা কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা) উদয়ন আধ্যে। তিনি এই দাবি করেছেন যে, ভারতের কোনও মেট্রো শহরে একটি সন্তান লালন-পালন করতে অভিভাবকদের ৬.৭৫ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে।
বর্তমান বাজারদরের হিসাবে ভারতে একটি মাত্র সন্তানকে লালন-পালন করতে খরচ ৬.৭৫ কোটি টাকা! দু’টি সন্তান থাকলে খরচ আরও বেশি। তেমনটাই দাবি করে সমাজমাধ্যমে হইচই ফেলে দিলেন এক আর্থিক উপদেষ্টা। সমাজমাধ্যমে জনপ্রিয় ওই আর্থিক উপদেষ্টার দাবি ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ককেও উস্কে দিয়েছে।
ওই আর্থিক উপদেষ্টা তথা কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা)-এর নাম উদয়ন আধ্যে। তিনি এই দাবি করে ভাইরাল হয়েছেন যে, ভারতের কোনও মেট্রো শহরে একটি সন্তান লালন-পালন করতে অভিভাবকদের ৬.৭৫ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে।
অর্থাৎ, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু এমনকি, কলকাতাতেও সন্তান প্রতিপালনের খরচ প্রায় সাত কোটি টাকা বলে দাবি করেছেন উদয়ন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয়, শিক্ষা, জীবনযাত্রা এবং চিকিৎসা সংক্রান্ত ক্রমবর্ধমান খরচগুলিও বিশদে তুলে ধরেছেন উদয়ন।
উদয়নের যুক্তি, বর্তমান যুগে ভারতের বড় শহরগুলিতে সন্তান লালন-পালন করা কতটা ব্যয়বহুল হয়ে উঠেছে তা অনেক অভিভাবকই সঠিক ভাবে অনুমান করতে পারেন না। ভিডিয়োয় তিনি বলেন, “ভারতের কোনও মেট্রো শহরে সন্তান লালন-পালন করতে ৬.৭৫ কোটি টাকা প্রয়োজন এবং যদি আপনারা এটা বিশ্বাস না করেন, তবে আমি সঠিক হিসাবটা ভেঙে দেখাচ্ছি।”
এর পরেই পুরো হিসাব বিশদে ব্যাখ্যা দিয়েছেন উদয়ন। বিষয়স্রষ্টা জানিয়েছেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয়গুলির মধ্যে একটি হল শিক্ষাখাতে মাত্রাতিরিক্ত খরচবৃদ্ধি।
আরও পড়ুন:
উদয়ন দাবি করেছেন, শিশুদের জন্য বাজারজাত করা অনেক আর্থিক পণ্য মাত্র ৫-৬ শতাংশ রিটার্ন দেয়, অথচ স্কুল এবং কলেজের খরচ বার্ষিক ১০-১২ শতাংশ হারে বাড়ছে।
উদয়ন বলেন, “এই হারে, প্রতি ৬ বছরে খরচ দ্বিগুণ হয়ে যায়।” তিনি আরও যোগ করেন, ‘‘বর্তমানে চার বছর একটি কলেজে পড়ার খরচ যেখানে ২০ লক্ষ টাকা, সেখানে একটি শিশুর ১৮ বছর বয়স হতে হতে তা বেড়ে ১.৬-২ কোটি টাকায় পৌঁছোতে পারে।’’
আরও বেশ কিছু অতিরিক্ত খরচের তালিকা দিয়েছেন উদয়ন। সামগ্রিক হিসাবে যোগ করলে এর মধ্যে রয়েছে ২১ বছরের সময়কালে স্কুলের খরচ, খেলাধুলা, গানের ক্লাস, কোচিং ক্লাস, ছুটি কাটানো, প্রযুক্তিযুক্ত খেলনা, শিশুদের যত্ন সংক্রান্ত খরচ, চিকিৎসাখাতে খরচ এবং জীবনযাত্রার খরচ।
উদয়ন আরও যোগ করেন, “আপনার সন্তান যদি স্নাতকোত্তর করতে চায়, তবে তা একটি আলাদা খরচ।” তিনি উল্লেখ করেন যে অনেক ভারতীয় পরিবারে এই ধরনের খরচ প্রায়শই শিক্ষা ঋণের মাধ্যমে আসে বা সন্তানকে নিজেকেই বহন করতে হয়।
আরও পড়ুন:
পোস্টের ক্যাপশনে উদয়ন লিখেছেন, “ভারতের কোনও মেট্রো শহরে সন্তান লালন-পালন করা এখন আর শুধু আবেগপ্রবণ সিদ্ধান্ত নয়। এটি একটি গুরুতর আর্থিক লক্ষ্য। স্কুল, কলেজ, কোচিং, জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা, গ্যাজেট, ছুটি কাটানো— টাকার অঙ্ক ২১ বছর ধরে নীরবে বাড়তে থাকে। সাধারণ ভাবে সন্তানের জন্য জমানো টাকা এ ক্ষেত্রে যথেষ্ট নয়।”
উদয়নের সন্তানের খরচ সংক্রান্ত ওই পোস্ট সমাজমাধ্যমে দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছে। বিতর্কেরও জন্ম দিয়েছে। নেটাগরিকদের অনেকই আবার বিস্ময় প্রকাশ করেছেন বিষয়স্রষ্টার দাবি শুনে। কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন।
অনেকেরই দাবি, উদয়ন যে টাকার হিসাব দিয়েছে তা কেবল বড় শহরগুলিকে মাথায় রেখে তৈরি। ভারতের জনগণের বড় অংশই সেখানে থাকেন না। ফলে সকলের জন্য এই হিসাব প্রযোজ্য নয়। তাই বিষয়স্রষ্টার ওই দাবির কোনও মানে নেই।
অনেকে আবার দাবি করেছেন উদয়নের পোস্ট মানুষের মনে ভয় ধরাতে পারে। অনেকেই সন্তানধারণের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে পারেন।
এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি যা বললেন তা জেনে উদ্বেগ বাড়ল। কিন্তু এই সব রিলগুলো শুধু সন্তান না নেওয়ার পক্ষেই প্রচার চালাচ্ছে। আমার মনে হচ্ছে, ইনস্টাগ্রাম রিলগুলো এখন কেবল ভয় ছড়াচ্ছে এবং উদ্বেগ বাড়াচ্ছে।’’