Leftover Roti Recipes

বাসি রুটি দিয়ে বানিয়ে নিন সেই সব খাবার, যা অস্বাস্থ্যকর ভেবে খেতে পারেন না!

রাতে খাওয়ার রুটি মাঝে মধ্যেই একটি বা দু’টি করে বেঁচে যায়। পরের দিন সকালে তা ফেলে না দিয়ে রেখে দিন জলখাবারের জন্য। সামান্য একটি ধাপ পেরোলেই ওই রুটি দিয়ে তৈরি করে ফেলা যাবে পছন্দের খাবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
Share:

বাসি রুটির কেরামতি! ছবি : সংগৃহীত।

ওজন কমানোর জন্য নুড‌্‌লস, পাস্তা, পিৎজ়া, চিপস, মিষ্টি খাওয়া বন্ধ? চিন্তা নেই। এই সবক’টি খাবার এ বার নির্দ্বিধায় খেতে পারবেন। কারণ উক্ত প্রতিটি খাবারই বানিয়ে ফেলা যাবে বাসি রুটি দিয়ে।

Advertisement

রাতে খাওয়ার রুটি মাঝে মধ্যেই একটি বা দু’টি করে বেঁচে যায়। পরের দিন সকালে তা ফেলে না দিয়ে রেখে দিন জলখাবারের জন্য। সামান্য একটি ধাপ পেরোলেই ওই রুটি দিয়ে তৈরি করে ফেলা যাবে পছন্দের খাবার, যা স্বাস্থ্যকরও। কারণ, রুটি ভাল। তা তৈরি হয় আটা দিয়ে। তাই তা থেকে পাস্তা, চাউমিন বানালে আর যা-ই হোক ময়দা খাওয়া হবে না।

রুটি ন্যুডলস

Advertisement

এটা অনেকটা ‘সিজলার’ বা ‘চাউমিন’ স্টাইলে বানানো যেতে পারে। রুটি দিয়ে বানালে ন্যুডলসগুলো একটু বেশি নরম এবং মশলাদার হবে।

কী ভাবে বানাবেন: ৪-৫টি রুটি এক সঙ্গে করে রোলের মতো করে মুড়িয়ে নিন। এবার ছুরি দিয়ে পাতলা পাতলা ফিতের মতো করে কেটে নিন। দেখবেন এগুলো দেখতে অনেকটা চ্যাপ্টা ন্যুডলসের মতো হবে। কড়াইতে তেল দিয়ে আদা-রসুন কুচি, লঙ্কা এবং পছন্দের সব্জি (বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম) ভাজুন। এরপর রুটির ফিতেগুলো দিয়ে সয়া সস্, চিলি সস্ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে টস করে নিন।

রুটি পাস্তা

যদি ইটালীয় ফ্লেভার পছন্দ হয়, তবে রুটি দিয়ে পাস্তাও বানাতে পারেন। তা ছাড়া দোকানের ময়দার পাস্তার চেয়ে বাড়িতে বানানো গমের রুটির পাস্তা অনেক বেশি পুষ্টিকরও।

কী ভাবে বানাবেন: রুটিগুলোকে ছোট ছোট বর্গাকার টুকরো করে কেটে নিন। প্যানে মাখন বা অলিভ অয়েল গরম করে রসুন কুচি ও পেঁয়াজ দিন। এর পর টম্যাটো পিউরি বা পাস্তা সস্ দিয়ে মশলা কষিয়ে নিন। সামান্য অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে রুটির টুকরোগুলো দিয়ে দিন। নামানোর আগে ওপর থেকে চিজ গ্রেট করে দিলে স্বাদ হবে লাজবাব।

রুটির চিপস

সবচেয়ে সহজ রান্না অথচ মুচমুচেও হবে। দেখতে খানিকটা নাচোসের মতো এই চিপস চা বা কফির সঙ্গে সাজিয়ে দিতে পারেন।

কী ভাবে বানাবেন: রুটিগুলোকে ছোট ত্রিভুজ আকারে কেটে নিন। সামান্য তেল, লঙ্কার গুঁড়ো, নুন এবং চাট মশলা দিয়ে রুটির টুকরো মেখে কড়াইতে মুচমুচে করে ভেজে নিন। স্বাস্থ্যকর বানাতে চাইলে অভেনে বেক করে নিতে পারেন অথবা এয়ার ফ্রায়ারেও অল্প তেলে ভাজতে পারেন।

রুটি পিৎজ়া

বাড়ির ছোটরা তো বটেই, বড়রাও পছন্দ করবেন এই খাবার। টিফিন বক্সেও সাজিয়ে দিতে পারেন বাসি রুটির পিৎজ়া।

কী ভাবে বানাবেন: রুটির ওপর পিৎজ়া সস্ বা টম্যাটো কেচাপ মাখিয়ে নিন। উপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, ভুট্টা এবং চিজ ছড়িয়ে দিন। প্যানে মাখন দিয়ে, টপিং দেওয়া রুটি রেখে ঢাকা দিয়ে, চিজ় গলা পর্যন্ত অপেক্ষা করুন। গলে গেলে বার করে আনুন। এবং কেটে পিৎজ়ার মতো করেই পরিবেশন করতে পারেন।

রুটির লাড্ডু

যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তবে লাড্ডুও বানাতে পারেন বাসি রুটি দিয়ে। স্বাস্থ্যকর বানাতে চাইলে চিনির বদলে স্টেভিয়া ব্যবহার করতে পারেন। এ ছাড়া গুড়, মধু বা খেজুর বাটাও দিতে পারেন।

কী ভাবে করবেন: রুটি ছোট ছোট টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার একটি প্যানে ঘি গরম করে ওই গুঁড়ো, গুড় (অথবা স্টেভিয়া বা মধু বা খেজুর— যেটা ব্যবহার করছেন মিষ্টি হিসাবে), এলাচগুঁড়ো এবং বাদাম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটু ঠান্ডা হলে হাতের তালুতে গোল করে লাড্ডু পাকিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement