Advertisement
E-Paper

আধার, পাসপোর্ট থেকে ক্রেডিট কার্ড, ১ জুলাই থেকে একাধিক ক্ষেত্রে হবে বড় বদল, আমজনতার বাড়বে খরচ?

১ জুলাই থেকে একাধিক ক্ষেত্রে এ দেশের আমজনতার বাড়বে খরচ। কিছু জায়গায় আবার নিখরচায় কাজ হাসিলের সুযোগও মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৫৮
Representative Picture

—প্রতীকী চিত্র।

শেষের পথে জুন। আর মাত্র দু’দিনের মধ্যেই জুলাইয়ে পা দেবে ২০২৬। নতুন মাসের পয়লা তারিখ থেকেই কার্যকর হচ্ছে একাধিক নিয়ম। ফলে বদলাতে চলেছে আধার কার্ড, পাসপোর্ট ও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের হিসাবে। নতুন ব্যবস্থায় কতটা লাভবান হবে আমজনতা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

১ জুলাইয়ে সবচেয়ে বড় বদল হবে আধার কার্ডে। ওই তারিখ থেকে পরবর্তী ছ’মাস বিনামূল্যে আধার নম্বরের ই-মেল ঠিকানা আপডেট করতে পারবেন গ্রাহক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চালু থাকবে। বর্তমানে এর জন্য ফি বাবদ জমা দিতে হচ্ছে ৭৫ টাকা। আমজনতাকে স্বস্তি দিতে সেটা আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আধার আপডেটে এই আর্থিক ছাড়ের ব্যাপারে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। অন্য দিকে ১ জুলাই থেকে বাড়ছে পাসপার্টের সার্ভিস চার্জ। ফলে বিদেশ ভ্রমণের ওই নথিটি পেতে বেশি টাকা দিতে হবে গ্রাহককে।

বর্তমানে আমজনতার জন্য দু’ধরনের পাসপোর্ট পরিষেবা চালু রেখেছে বিদেশ মন্ত্রক। সেগুলি হল, সাধারণ (নর্মাল) ও তৎকাল। বর্তমানে ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের খরচ ১,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টে ২,০০০ টাকা নিয়ে থাকে সরকার। ১ জুলাই থেকে তা বেড়ে যথাক্রমে ২,৫০০ টাকা ও ৩,৫০০ টাকা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র।

এ ছাড়া বাড়ছে তৎকাল পাসপোর্টের খরচও। বর্তমানে ৩৬ পাতা ও ৬০ পাতার তৎকাল পাসপোর্টের জন্য জমা করতে হয় ৩,৫০০ টাকা ও ৪,০০০ টাকা। ১ জুলাই থেকে সেটাই বেড়ে হবে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা। এ ছাড়া হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার কারণে ফের আবেদন করলে বেশি ফি দিতে হবে গ্রাহককে। তবে শিশুদের ক্ষেত্রে আট বছর পর্যন্ত এবং ৬০ ঊর্ধ্ব প্রবীণেরা পাবেন ১০ শতাংশ ছাড়।

১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের নিয়মে বড় বদল করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সেটা কেবলমাত্র ফোনপে এসবিআই ক্রেডিট পার্পল এবং ফোনপে এসবিআই ক্রেডিট কার্ড সিলেক্ট ব্ল্যাক ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কী কী বা কতটা কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট মিলবে, তার নতুন তালিকা প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

১ জুলাই থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ঘরোয়া বিমানবন্দরগুলির লাউঞ্জ প্রতি তিন মাসে এক বার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তবে আগের তিন মাসে ওই কার্ডে অন্তত ৬০,০০০ টাকা খরচ করতে হবে তাঁকে।

Aadhaar Update passport SBI Credit Card Credit Card

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy