বিএসএনএলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা ঘুরে দাঁড়াচ্ছে বলে বহু দিন ধরেই দাবি করছে মোদী সরকার। তবে তাদের পরিষেবার মান নিয়ে প্রশ্ন বহাল। রয়েছে বিস্তর অভিযোগ। এই অবস্থায় যে মুনাফা বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি, যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দেখা গিয়েছে, গত অর্থবর্ষে বিএসএনএলের দৈনন্দিন ব্যবসা থেকে হওয়া মুনাফার অঙ্ক (অপারেটিং প্রফিট) দাঁড়িয়েছে ৭০০০ কোটি টাকা। যা বছর দুয়েক আগেও ছিল মাত্র ৫০ কোটি। গত বারের আয় তার আগের দু’বছরের তুলনায় ১৯ শতাংশের বেশি বেড়ে হয়েছে ২৫ হাজার কোটি টাকা। আগের ওই দু’টি অর্থবর্ষে তা ছিল যথাক্রমে ২১ হাজার এবং ২৩ হাজার কোটির কিছু বেশি। নিট মুনাফার নিরিখে সংস্থা অবশ্য লোকসানেই চলছে। তবে কেন্দ্রের দাবি, পরিষেবায় উন্নতির ইঙ্গিত দিয়ে বিএসএনএলের প্রতিটি সার্কলই আয় বাড়িয়েছে এবং মুনাফা করেছে দৈনন্দিন ব্যবসা থেকে। অন্য দিকে, এই প্রথম কেন্দ্রীয় সরকারের অধীন ডাক বিভাগও আয়ের দিক থেকে গড়েছে নজির। গত অর্থবর্ষে সেই অঙ্ক পেরিয়েছে ১৫,৩৭৩ কোটি টাকা, যা তাদের ১৭০ বছরের ইতিহাসে সব থেকে বেশি। এক বছরে বৃদ্ধি ২১০০ কোটি টাকার বেশি। কেন্দ্রের বার্তা, মূলত প্রযুক্তির হাত ধরেই সাফল্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)