E-Paper

যুদ্ধে আশার আলো দেখে উঠল সেনসেক্স, তবে আরও তলানিতে টাকা

এ দিন সূচক বাড়লেও, তাতে নিশ্চিন্ত হতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ। তাঁদেরই এক জন আশিস নন্দীর মতে, ট্রাম্পের ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। লগ্নিকারীরা আশা করছেন, এ বার হয়তো মীমাংসার পথে হাঁটবে আমেরিকা-ইজ়রায়েল-ইরান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:২৩

—প্রতীকী চিত্র।

পাঁচ দিন ইরানের তেল-গ্যাস ক্ষেত্রে আমেরিকা হামলা চালাবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় মঙ্গলবার বিশ্ব জুড়ে তেতে উঠল শেয়ার বাজার। ভারতেও সেনসেক্স বাড়ল ১৩৭২.০৬ পয়েন্ট। নিফ্‌টি ৩৯৯.৭৫ পয়েন্ট। সূচক দু’টি থামল যথাক্রমে ৭৪,০৬৮.৪৫ এবং ২২,৯১২.৪০ অঙ্কে। এর হাত ধরে বিএসই-র লগ্নিকারীরা ফিরে পেলেন ৭.৫৬ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। যদিও দিনটা ভাল যায়নি টাকার। ডলারের সাপেক্ষে এ দিনও পড়েছে ভারতীয় মুদ্রাটির দাম। প্রতি ডলার ২৩ পয়সা বেড়ে পৌঁছেছে ৯৩.৭৬ টাকায়। সোমবার ৯৪ টাকা ছুঁলেও, এর আগে কখনও তা এতটা উঁচুতে থামেনি।

এ দিন সূচক বাড়লেও, তাতে নিশ্চিন্ত হতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ। তাঁদেরই এক জন আশিস নন্দীর মতে, ট্রাম্পের ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। লগ্নিকারীরা আশা করছেন, এ বার হয়তো মীমাংসার পথে হাঁটবে আমেরিকা-ইজ়রায়েল-ইরান। তার উপরে পড়তি বাজারে বহু শেয়ারের দাম বেশ আকর্ষণীয় জায়গায় দাঁড়িয়ে। যা দেখে শেয়ার কিনতে ঝাঁপিয়েছেন তাঁদের একাংশ। তবে তিনি বলছেন, ‘‘শেষ পর্যন্ত এই স্বস্তি কতটা টিকবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যে কারণে বাজারের এ দিনের উত্থানে নিশ্চিন্ত হওয়ার কারণ নেই।’’

তা ছাড়া যুদ্ধ থামলেও বিশ্ব অর্থনীতি তার বিরূপ প্রভাব কত দিনে কাটিয়ে উঠতে পারবে, তা অনিশ্চিত বলে মনে করেন অপর বিশেষজ্ঞ কমল পারেখ। তাঁর বক্তব্য, বিশ্বের অর্থনীতি ফের চাঙ্গা না হলে, তার ফল ভারতকেও ভুগতে হবে। চলতি অর্থবর্ষে সংস্থাগুলির আর্থিক ফল কেমন হবে, তা নিয়েও চিন্তা থাকছে। যা বাজারকে অস্থির করে রাখবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Economy Share Market US Dollars indian currency West Asia US-Israel vs Iran

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy