E-Paper

ইরান যুদ্ধে সমঝোতার ইঙ্গিত মিলতেই ১৭০০ পয়েন্টের লাফ দিল সেনসেক্স, বাড়ল টাকার দামও

এই উত্থানের পিছনে একাধিক কারণ কাজ করেছে বলে বাজার মহলের দাবি। আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় পশ্চিম এশিয়ার উত্তেজনা কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৮:০৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইরান-আমেরিকার মধ্যে আলোচনায় যুদ্ধ শেষের দিশা মেলার ইঙ্গিতে শান্তির আশা এবং তার জেরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ৯০ ডলারের নীচে নামা। এই দুই ঘটনার জেরে শুক্রবার বিপুল উঠল শেয়ার বাজার। সেনসেক্স ১৬৯৫.৪০ পয়েন্ট উঠে থামল ৭৫,৫২৭.৯৫ অঙ্কে। নিফ্‌টি ৪৬১.৩০ পয়েন্ট বেড়ে হল ২৩,৬২২.৯০। পাশাপাশি, ডলারের সাপেক্ষে অনেকটা উঠেছে টাকার দরও। প্রতি ডলার ৬৭ পয়সা নেমে হয়েছে ৯৫.১৮ টাকা। সূচকের উত্থানের হাত ধরে বিএসই-র লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৯.৭১ লক্ষ কোটি টাকা।

এই উত্থানের পিছনে একাধিক কারণ কাজ করেছে বলে বাজার মহলের দাবি। আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় পশ্চিম এশিয়ার উত্তেজনা কিছুটা কমেছে। ফলে অশোধিত তেলের দাম ৯০ ডলারের নীচে নামা ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য ইতিবাচক। একই কারণে বিভিন্ন দেশের বাজারেও উত্থান দেখা গিয়েছে। ফলে কিছুটা স্বস্তিতে লগ্নিকারীরা। যে কারণে শেয়ার কিনেছেন তাঁরা। পাশাপাশি, টাকার দাম বৃদ্ধিও স্বস্তি দিয়েছে তাদের।

বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ও তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে আগামী সপ্তাহে সূচক উঠতে পারে। তবে পরিস্থিতির উপরে নজর রাখা জরুরি। বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলছেন, ‘‘যত দিন না শান্তি চুক্তি হচ্ছে, তত দিন নিশ্চিন্ত হওয়ার কিছু নেই।’’ একই সুরে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘গত ১০০ দিনে যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একাধিক বার অবস্থান বদল দেখলে এখনই বাজার পুরো স্বাভাবিক হবে, তা বিশ্বাস করা কঠিন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Crude Oil

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy