Advertisement
E-Paper

কাজের দুনিয়ায় চাহিদা বাড়ছে হোটেল ম্যানেজমেন্টের, উচ্চ মাধ্যমিকের পর কী ভাবে প্রস্তুতি?

কলকাতা, মুম্বই, পুণে, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদের ইনস্টিটিউড অফ হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে এ বিষয়ে পড়া যায়। সরকারি এই প্রতিষ্ঠানগুলিতেই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:৫০
হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার সুলুকসন্ধান।

হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

উচ্চমাধ্যমিক হয়ে গিয়েছে। নতুন জীবনের জন্য পড়াশোনার পথ বেছে নেওয়া এই সময় জরুরি। গত কয়েক বছরে ক্রমশ বেড়েছে চাকুরিমুখী কোর্সের চাহিদা। হোটেল, হসপিটাল, হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর চাহিদা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার কেমন সুযোগ রয়েছে, কোর্স সম্পূর্ণ হওয়ার পর কোন কোন দেশে চাকরি বেশি চাহিদা, রইল তারই সুলুকসন্ধান।

কত বছরের কোর্স

হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রির কোর্স মোট তিন বছরের। এর মধ্যে প্রথম এক বছরের পর ৬ মাসের ইন্টার্নশিপ করতে হয়। প্রতিষ্ঠান থেকেই ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা চাইলে নিজেদের পছন্দ মতোও ইন্টার্নশিপ করতে পারেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।

কোন কোন বিশ্ববিদ্যালয় কোর্স করানো হয়:

কলকাতা, মুম্বই, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদের ইনস্টিটিউড অফ হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে এ বিষয়ে পড়া যায়। সরকারি এই প্রতিষ্ঠানগুলিতেই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে, সে ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। এর পর মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন শিক্ষার্থীরা।

এ ছাড়াও একাধিক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে আগ্রহীরা এই কোর্স নিয়ে পড়তে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না শিক্ষার্থীদের।

খরচ কত

সরকারি প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট পড়ার খরচ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট পড়ার খরচ ৫ থেকে ৬ লক্ষ টাকা।

পাঠ্যক্রম

নিউট্রিশন, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার, ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, সেলস অ্যান্ড মার্কেটিং, হাউস কিপিং, ফ্রন্ট অফিস,হোটেল ইঞ্জিনিয়ারিং, প্রিন্সিপ্যাল অফ ফুড সায়েন্স, কমিউনিকেশন, অ্যাকাউন্টেন্সি, রিসার্চ মেথডলজি, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট-সহ নানা বিষয় অন্তর্ভুক্ত থাকে তিন বছরের স্নাতক কোর্সের মধ্যে।

কোর্স সম্পূর্ণ হওয়ার পর চাকরির কী সুযোগ রয়েছে

সাধারণত শিক্ষার্থীদের হোটেল ম্যানেজমেন্টে স্নাতক পাশের পর প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসিংয়ের সুযোগ দেওয়া করে দেওয়া হয়। শহরের নামকরা হোটেলগুলিতে কাজ করার সুযোগ পেয়ে থাকেন শিক্ষার্থীরা। হোটেল ম্যানেজমেন্ট পাশের পর চাকরির ক্ষেত্র অনেক বেশি। শেফ, হোটেল ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, গেস্ট রিলেশন, ক্লায়েন্ট রিলেশন, ক্যাটারিং ম্যানেজার, অ্যাকমোডেশন ম্যানেজার-সহ নানা ক্ষেত্রে ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ মিলতে পারে।

কোন কোন দেশে চাকরির চাহিদা বেশি?

হোটেল ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ করার পর বাংলা বা ভারত ছাড়াও বিভিন্ন দেশে চাকরি মিলতে পারে। শিক্ষার্থীরা ভারতের বাইরে নানা হোটেলেও আবেদন করে চাকরি করতে পারেন। মলদ্বীপ, বালি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, থাইল্যান্ড-সহ আরও দেশে চাকরির সুযোগ পাওয়া যায়।

এ ছাড়া, জাহাজে চাকরির সুযোগও থাকে। তবে, সে ক্ষেত্রে বেশির ভাগ সময় আগে শিক্ষার্থীকে এক থেকে দেড় বছরের অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়।

Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy