Advertisement
E-Paper

দ্বিগুণ প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে! উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমেস্টারে বিশেষ সুবিধা দেবে সংসদ

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীদের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ২৫৭০ জন। জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন বেছে উত্তর লেখার সুযোগ বাড়ছে। এমনই সিদ্ধান্ত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে।

চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার শুরু হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। গত সেপ্টেম্বরে আয়োজিত তৃতীয় সেমেস্টার ওএমআর শিটে পরীক্ষা দিলেও এ বার ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে পড়ুয়াদের। আর সেখানেই খানিক সুবিধা করে দিতে চাইছে সংসদ। জানা গিয়েছে, এত দিন দু’টি প্রশ্নের উত্তর দিতে হলে পরীক্ষার্থীদের দেওয়া হত তিনটি প্রশ্ন। এ বার দ্বিগুণ প্রশ্নের মধ্যে থেকে নিজের পছন্দের উত্তর দেওয়ার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ, চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনও দু’টি বেছে উত্তর দিতে পারবে পরীক্ষার্থীরা।

সূত্রের খবর, সম্প্রতি প্রধানশিক্ষকদের নিয়ে বৈঠকেই এ কথাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, “ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবেন। তাদের কাছে বিকল্প প্রশ্নের সংখ্যা বেশি থাকবে।”

এ দিকে, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীদের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ২৫৭০ জন। জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “তৃতীয় সেমেস্টারের বসার জন্য নাম নথিভুক্ত করেছে ১১০৪ জন। আবার নাম নথিভুক্ত করেও তৃতীয় সেমেস্টারে পরীক্ষায় বসেনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১৪৬৬ জন। তারা প্রত্যেকেই চতুর্থ সেমেস্টারের সঙ্গে তৃতীয় সেমেস্টারে সাপ্লিমেন্টারি দেবে।”

এ ছাড়া‌ও পর্ষদের তরফে জানান হয়েছে, তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় কোনও অকৃতকার্য পরীক্ষার্থীরাও এই পরীক্ষা দেবে। তাদের সংখ্যা ৫৬,৩৯৪ জন।”

শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, তৃতীয় সেমেস্টারে উত্তীর্ণ হতে না পারলে, চতুর্থ সেমেস্টারে সঙ্গে তৃতীয় সেমেস্টার সুযোগ রয়েছে। তবে চতুর্থ সেমেস্টারে অকৃতকার্য হলে একটি বছর নষ্ট হবে।

উল্লেখ্য, সিবিএসই বা আইএসসি-তে দশম অথবা দ্বাদশের পরীক্ষায় কোন বিষয়ে অকৃতকার্য হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেই বিষয় ওই বছরে ইমপ্রুভমেন্ট টেস্ট দেওয়া যায়। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমন কোন‌ও ব্যবস্থা নেই বলে জানাচ্ছে শিক্ষা সংসদ।

H.S school WB Teachers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy