স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ শুরু করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আইন এবং বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের জন্য আবেদন পাঠাতে পারবেন পড়ুয়ারা। এমবিএ-এর জন্য ৬০টি এবং এলএলএম-এর জন্য ৪০টি আসন বরাদ্দ করা হয়েছে।
এমবিএ-এর জন্য যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট), কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট), গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (জিম্যাট) মধ্যে যে কোনও একটি প্রবেশিকায় পাশ করা প্রয়োজন। তবে, যাঁরা এমন কোনও প্রবেশিকায় উত্তীর্ণ হননি, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন না।
আইনে তিন বছরের এলএলবি ডিগ্রি কিংবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরা এলএলএম কোর্সের জন্য আবেদন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন এবং ফল প্রকাশের জন্য অপেক্ষা করছেন— তাঁদের আবেদনও গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
কোর্সমূল্য কত?
এলএলএম কোর্সে ভর্তি হওয়ার পর প্রথম সেমেস্টারে মোট ১৪,৮৫০ টাকা ফি হিসাবে দিতে হবে। এমবিএ-এর জন্য প্রথম সেমেস্টারের সার্বিক ফি হিসাবে ১৯ হাজার ৮৫০ টাকা ধার্য করা হয়েছে।
কী ভাবে ভর্তি হওয়া যাবে?
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে আইনে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হবে। তবে, এমবিএ-এর জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দু’টিই হতে চলেছে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে।
আগ্রহীদের ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এলএলএম-এর জন্য ইন্টারভিউ এবং এমবিএ-এর লিখিত পরীক্ষা ৭ জুলাই হতে চলেছে। এমবিএ-এর ইন্টারভিউ ৯ জুলাই নেওয়া হবে। অগস্ট মাসে ক্লাস শুরু হবে।