Advertisement
E-Paper

আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে ভোর চারটেয় বাসে চেপে রেড রোডে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা

ভোর সাড়ে তিনটে-চারটে নাগাদ বাস আসে। বাসে করে রেড রোডে পৌঁছোন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা। সকলের মধ্যেই উৎসাহ ছিল বলে জানান বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। যারা রেড রোডে যোগ দিতে যায়নি তারা স্কুলেই পালন করে আন্তর্জাতিক যোগ দিবস।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৮:৪০
রেড রোড এবং স্কুলে যোগাসনের নানা মুহুর্ত।

রেড রোড এবং স্কুলে যোগাসনের নানা মুহুর্ত। ছবি: সংগৃহীত।

সকালে ঘুম উঠেই প্রথমে স্কুল ও পরে গন্তব্য রেড রোড। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যুক্ত হওয়ায় কলকাতার বিভিন্ন স্কুল পড়ুয়াদের মধ্যে বাড়তি উৎসাহ ছিল বলে জানাচ্ছেন বিভিন্ন স্কুলের শিক্ষকেরা। রবিবার রেড রোডে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে বহু পড়ুয়া আসে। পাশাপাশি, প্রায় গোটা রাজ্যেই পালিত হয়েছে আম্তর্জাতিক যোগা দিবস। যারা রেড রোডে যেতে পারেনি তারা স্কুলেই শিক্ষকদের সঙ্গে যোগ দিবস পালন করেছে।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান, রবিবার যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়াকে পড়ুয়ারা কার্যত এক ইতিহাসের সাক্ষী থাকার মতো ঘটনা হিসাবেই দেখেছে। সে জন্যই তারা উৎসাহী ছিল। বিভিন্ন ক্লাস থেকে মোট ৩০ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়। যেহেতু অনেক ভোরে রেড রোডে পৌঁছোতে হবে, তাই স্কুলের আশেপাশে থাকা ছাত্রছাত্রীদেরই বেছে নেওয়া হয়েছিল। স্কুল থেকেই ঠিক করে নেওয়া হয়েছিল বাস। এ দিন প্রায় ভোর পৌনে চারটে থেকেই স্কুল চত্বরে আসতে থাকে পড়ুয়ারা। দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস মণ্ডল। সকলকে ৪টে ১৫ মিনিটের মধ্যে স্কুলে আসার কথা বলা হয়। ৪টে ২০ নাগাদ স্কুল থেকে বাস ছেড়ে দেওয়া হয়। এই স্কুলেই আবার নিটের পরীক্ষা কেন্দ্র হয়েছিল। যে কারণে দু’দিক থেকেই পরিকল্পনা করে রাখে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘‘ যেহেতু আমাদের স্কুলে নিটের কেন্দ্র রয়েছে, তাই যোগ দিবস ও পরীক্ষার জন্য পৃথক দু’টি দল তৈরি করে কাজ করা হয়েছে। সব কিছু সুষ্ঠুভাবে মিটেছে। ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব উদ্দীপনা ছিল।’’

বাঁ দিকে রেড রোডে যোগাসনে বিটি রোড হাইস্কুলের এক ছাত্র, ডান দিকে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠান।

বাঁ দিকে রেড রোডে যোগাসনে বিটি রোড হাইস্কুলের এক ছাত্র, ডান দিকে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠান।

লেডি ব্রোবোর্ন কলেজের অনুষ্ঠান।

লেডি ব্রোবোর্ন কলেজের অনুষ্ঠান।

কলকাতার বিটি রোড হাইস্কুলের প্রধান শিক্ষিকা সঙ্ঘমিত্রা ভট্টাচার্য বলেন, ‘‘আজ আমাদের সকলের এক দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আজ ২৮ জন ছাত্র আর ২ জন শিক্ষক রেড রোডে গিয়েছিল। ভোর চারটে নাগাদ স্কুলে বাস আসে। সরকারই এই বাস পাঠিয়েছিল। ছাত্র-শিক্ষক সকলেই সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করেছে। রেড রোডের ব্যবস্থাও ছিল খুব সুন্দর।’’

যারা রেড রোডে অংশ নেয়নি তারা স্কুলেই যোগ দিবস পালন করে। শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশন (মেইন)-এর প্রায় ৭৮ জন পড়ুয়া এ দিনের কর্মসূচীতে যোগদান করে। স্কুলের প্রধান শিক্ষক সায়ন্তন দাস বলেন, ‘‘ রেড রোডে না গেলেও স্কুলের ভিতরেই আমরা যোগ দিবস পালন করেছি। সকলেই বেশ উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেয়।’’ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনেও প্রায় চারশো পড়ুয়া স্কুলেই যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেয়। স্কুলের প্রধান শিক্ষক রাজা দে বলেন, ‘‘পড়ুয়ারা উৎসাহের সঙ্গে স্কুলে পৌঁছে যোগাসনে অংশ নেয়। এটা খুবই সদর্থক। স্নিগ্ধা মণ্ডলের নেতৃত্বে এই যোগাসন অনুষ্ঠান হয়।’’

শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশন (মেইন)-এর অনুষ্ঠান।

শিয়ালদহের মিত্র ইনস্টিটিউশন (মেইন)-এর অনুষ্ঠান।

পাশাপাশি লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, রবিবার ভোর সাড়ে তিনটের সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বাস পাঠানো হয়। শিক্ষিকা সুতপা রায় এবং হিমানী বিশ্বাসের নেতৃত্বে আটজন ছাত্রী রেড রোডের অনুষ্ঠানে অংশ নেন। এরপরে সকাল ছ’টার পরে কলেজ ক্যাম্পাসে অন্য শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রীরা যোগাসনে অংশ নেন।

International Yoga Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy