Advertisement
E-Paper

বিধানসভা নির্বাচনে বাসকর্মীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালটের দাবি জানাল পরিবহণ সংগঠন

বাস ও মিনিবাস কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৩:২৯
A transport association has demanded postal ballots for bus workers to enable them to vote in the Assembly elections

—প্রতীকী ছবি।

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটগ্রহণের দিন বাস ও মিনিবাস কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত আবেদন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণের দিন বিপুল সংখ্যক বাস ও মিনিবাস নির্বাচনী কাজে নিযুক্ত করা হবে। এর ফলে চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মী নিজেদের নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের সরকারি দায়িত্বে নিযুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু চিঠিতে বলেন, “ভোট গণতন্ত্রের অন্যতম ভিত্তি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যাঁরা কাজ করবেন, তাঁদের যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হতে হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।” তিনি আরও জানান, বহু কর্মীই দীর্ঘ সময় ধরে নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন, ফলে বুথে উপস্থিত হয়ে ভোট দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হবে না।

অন্য দিকে, পরিবহণ দফতরকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের ভোটদানের সুযোগ করে দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই দ্রুত পদক্ষেপ করা হবে বলেই আশাবাদী সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কোনও ভোটার যেন বাদ না পড়েন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, যাঁরা সরাসরি নির্বাচনী কাজে যুক্ত থাকেন, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের মতো বিকল্প ব্যবস্থা কার্যকর করা সময়ের দাবি বলেই মনে করা হচ্ছে।

Postal Ballot Bus Workers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy