Advertisement

কলকাতায় শাহ! জোড়া বৈঠকের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে

বিমানবন্দর থেকে নেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোজা চলে যান দক্ষিণেশ্বরে। সেখানে পুজো দিয়ে যাবেন নিউ টাউনের হোটেলে। বিজেপি সূত্রে খবর, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করবেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:১৪
Amit Shah arrives in Kolkata, will meet with prospective BJP MLAs

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি যান নিউ টাউনের হোটেলে। সেই হোটেলেই একটি বৈঠক করার কথা শাহের। তার পরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে। ওই বৈঠক শেষে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে।

নিউ টাউনের ওই হোটেলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠকের আগে ওই অনুষ্ঠানে ছিলেন শাহ। নিউ টাউনের ওই হোটেলেই রাত্রিবাস করবেন শাহ। শনিবার সেখান থেকে সোজা চলে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিচ্ছেন অমিত শাহ।

দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিচ্ছেন অমিত শাহ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সেই কাজে তাঁর সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এটি বিজেপির পরিষদীয় রীতি। সূত্রের খবর, এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। বিজেপির অন্দরেও তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করতে পারে পদ্মশিবির। তবে শুভেন্দুর নামে শেষপর্যন্ত সিলমোহর পড়বে, না কি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে, তা শুক্রবার সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যাঁর নাম স্থির হবে, তিনিই সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।

সংক্ষেপে
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
  • অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তাঁকে ৪ মে-র পরে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে হবে। সেইমতো পঁচিশে বৈশাখ রাজ্যে আসছেন মোদী।
  • প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা ৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বি-৭৭৭ বিমানে চেপে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা মোদীর।
Amit Shah BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy