রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবির প্রার্থী তালিকার একটা বড় অংশ ঘোষণা করে দিয়েছে। জোরকদমে শুরু হয়েছে প্রচার। এর মধ্যেই বালি কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পছন্দ না-হওয়ায় কর্মীদের মধ্যে বিক্ষোভ দেখা গিয়েছে। কেউ কেউ আবার করলেন দলবদল। পাশাপাশি, সেখানে দেখা গেল শাসক ও পদ্ম শিবিরের প্রার্থীদের মধ্যে সৌজন্যের রাজনীতিও।
শনিবার বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহকে পছন্দ না-হওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কয়েক ঘণ্টা আগে বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। আর সন্ধ্যায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সঞ্জয়ের সঙ্গে দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন। সৌজন্যের এই রাজনীতি দেখা গেল বালি বিধানসভা কেন্দ্রে।
আরও পড়ুন:
হাওড়ার বালিতে শাসক ও বিরোধী শিবিরের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। বালি কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয়কে পছন্দ না-হওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। শনিবার দুপুরে বালি কেন্দ্রের অনেক বিক্ষুব্ধ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাস তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তীব্র সমালোচনা করেন বিজেপি প্রার্থী সঞ্জয়ের। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় প্রচারে গিয়ে দু’জনেই মুখোমুখি হন বালির হনুমান মন্দিরে। সঞ্জয়কে দেখেই মাথা ঝুঁকিয়ে নমস্কার করেন কৈলাস। আশীর্বাদ চান। তাঁর এই সৌজন্য দেখে জড়িয়ে ধরেন বিজেপি প্রার্থী। দু’জনেই জানান, রাজনীতির ময়দানে লড়াই চলবে। তবে সৌজন্য বজায় থাকবে।