একাধিক বার গর্ভপাত হয় ছোটপর্দার অভিনেত্রী সম্ভাবনা সেঠের। শারীরিক ও মানসিক যন্ত্রণা, উভয়ের অভিজ্ঞতাই হয়েছিল। কিন্তু কিছু মানুষ গর্ভপাতের জন্য তাঁর উপরেই দোষের বোঝা চাপিয়ে দিয়েছিলেন। সেই সময়ের কথা সম্প্রতি রাজীব খন্ডেলবালের অনুষ্ঠান ‘তুম হো না-ঘর কি সুপারস্টার’-এ ভাগ করে নিলেন সম্ভাবনা।
রাজীব অনুষ্ঠানে আসা নতুন মায়েদের গর্ভাবস্থা নিয়ে নানা প্রশ্ন করেন। তখন নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে সম্ভাবনা বলেন, “দু’বছর আগে আমার গর্ভপাত হয়েছিল। তখন গর্ভে তিন মাসের সন্তান ছিল। সেই সময়ে অনেক মানুষ আমাকে বলতেন, ‘হাঁটাচলা কোরো না, কোথাও যেও না, এটা কোরো না, বাজারে কেন গেলে, গাড়িতে কেন উঠলে ইত্যাদি ইত্যাদি’। এর পরে আমার গর্ভপাত হল। তখন সবাই একসঙ্গে বলতে শুরু করল যে, আমি নাকি ঘুরে বেড়াচ্ছিলাম। তাই এমন হয়েছে। আমার কাজ করা উচিত হয়নি। অথচ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে জানা যায়, আসল কারণ ছিল সম্পূর্ণ অন্য।”
সম্ভাবনা তাঁর গর্ভপাতের ঘটনা আরও বিস্তারিত ভাবে জানান। তিনি বলেন, “এক বার নয়। ফের গর্ভপাত হয় আমার। আমরা সেদিন ঘোষণা করতে যাচ্ছিলাম যে, আমরা বাবা-মা হতে চলেছি। সে দিনের জন্য একটি ফোটোশুটও করেছিলাম। যেদিন সেই ঘোষণা করার কথা, সেদিন সকালেই আমার একটি শারীরিক পরীক্ষা হয়। সেখানে জানা যায়, শিশুর হৃদ্স্পন্দন বন্ধ হয়ে গিয়েছে ১৫ দিন আগেই।” ভেঙে পড়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী।
আরও পড়ুন:
গর্ভাবস্থাকে ঘিরে রয়েছে নানা প্রচলিত ধারণা। তার মধ্যে একটি নিয়ে প্রশ্ন তুলে সম্ভাবনা বলেন, “মানুষ কেন এমন মনে করে যে, গর্ভবতী হলে সব কাজ থামিয়ে দিতে হয়? জীবন যেন সেখানেই থেমে যায়। এটা কেন হয়?”
পুরনো এক সাক্ষাৎকারেও গর্ভপাত ও আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণের চেষ্টার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সম্ভাবনা বলেছিলেন, “আমার একাধিক বার গর্ভপাত হয়েছে। সাত বার আইভিএফ-এর মাধ্যমে মা হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছি। বিয়ের আগে আমি নিজের ডিম্বাণু সংরক্ষণও করেছিলাম। এর জন্য আমি ১.৫ লক্ষ টাকা খরচ করেছিলাম। কিন্তু ঈশ্বরের ইচ্ছের উপরে তো আর কিছু হয় না।” তবে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি বরাবর মা হতে চেয়েছিলেন। গত ৩ জুন যমজ সন্তানের মা হয়েছেন তিনি।