Advertisement

প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য কলকাতার রাস্তায় বৃহস্পতি এবং শুক্রবার নিয়ন্ত্রণ হবে যান চলাচল! বিজ্ঞপ্তি দিল পুলিশ

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। কলকাতার ভোট দ্বিতীয় দফায়। নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে হাওড়ায় একটি রোড শো রয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২১:০৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য কলকাতার রাস্তায় পর পর দু’দিন নিয়ন্ত্রণ হবে যান চলাচল। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকালে তিনি যে পথগুলি দিয়ে যাবেন, সেই এলাকার রাস্তায় ট্রাম-সহ সব ধরনের গাড়ি চলাচল এবং পার্কিং প্রয়োজন মতো নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারে পুলিশ। একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত লোকভবনের আশেপাশে কোনও ভারী পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস পূর্ব এবং এসপ্ল্যানেড রো পূর্বের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের সংযোগস্থল পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া কলকাতার বিভিন্ন রাস্তায় দু’দিনই নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এক দফায় নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী যান চলাচল। ওই সময়ে হাওড়া সেতু, ব্রাবোর্ন রোডের উড়ালপুল, ব্রাবোর্ন রোড, বিবাদী বাগ পূর্ব, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস পূর্ব, দ্বিতীয় হুগলি সেতু, কেপি র‌্যাম্প, কেপি রো়ড, রেড রোড, নেতাজি মূর্তি, আরআর অ্যাভিনিউ, লোকভবনের দক্ষিণ ফটক এবং লোকভবন সংলগ্ন রাস্তায় পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।

Advertisement

তার পরে শুক্রবারও আট ঘণ্টার জন্য আর এক দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে কলকাতার বেশ কিছু রাস্তায়। শুক্রবার ওই আট ঘণ্টার জন্য লোকভবনের দক্ষিণ ফটক, আরআর অ্যাভিনিউ, রেড রোড, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জস গেট রোড, হেস্টিংস র‌্যাম্প, হেস্টিংস ক্রসিং, ইউ টার্ন, ঘোরা পাস, কেপি রোড, ১১ ফারলং গেট, লাভার্স লেন, হাসপাতাল রোড, হাসপাতাল রোড পূর্ব, এজেসি বসু রোড, এজেসি বসু উড়ালপুল, মা উড়ালপুল, ইএম বাইপাস, উল্টোডাঙার নতুন উড়ালপুল এবং ঢালাই সেতুতে কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। কলকাতার ভোট দ্বিতীয় দফায়। নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগর এবং মথুরাপুরে তাঁর দু’টি জনসভা রয়েছে। তার পরে বিকেলে হাওড়ায় একটি রোড শো-ও করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Kolkata Police Traffic road Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy