Advertisement

ভোটের মুখে আবার কলকাতায় অস্ত্র উদ্ধার! চিৎপুরে তল্লাশি চালিয়ে বিহারের বাসিন্দার থেকে বন্দুক, গুলি পেল পুলিশ

গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই খবর পেয়েই সোমবার দুপুরে চিৎপুর থানা এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেখানেই বিহারের এক বাসিন্দার কাছ থেকে অস্ত্র উদ্ধার করল তারা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২১:২৮
Kolkata Police STF recovers firearms during search operation in Chitpur ahead assembly election

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত।

ভোটের মুখে আবার কলকাতায় অস্ত্র উদ্ধার। সোমবার কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) চিৎপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। এই ঘটনায় বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই খবর পেয়েই সোমবার দুপুরে চিৎপুর থানা এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেখানে একটি বাড়ির সামনে শামিম আলম নামে বছর চল্লিশের এক যুবককে পাকড়াও করে তারা। তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে তিনটি সিঙ্গল শটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল পেয়েছে পুলিশ। এ ছাড়াও, ৮ এমএম এবং ৭ এমএম মিলিয়ে মোট ১১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সেগুলির বিষয়ে ওই যুবকের কাছে জানতে চায় পুলিশ। কোথা থেকে সেগুলি তার কাছে এল, সে বিষয়ে প্রশ্ন করেন আধিকারিকেরা। তবে সন্তোষজনক কোনও উত্তর মেলেনি। এত অস্ত্র ভোটের মুখে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। সেই উত্তর খোঁজা শুরু করেছেন তদন্তকারীরা। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। বস্তুত, এর আগেও পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিহার-যোগের কথা উঠে এসেছে। বিহারের বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অতীতে হানাও দিয়েছিল এ রাজ্যে পুলিশ।

Kolkata Police STF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy