Advertisement

নবান্ন অভিযান

সরকারি দফতর থেকে সরবে না একটিও ফাইল! চলবে না নথি নকলও, গণনার দিনেই নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব দুষ্মন্ত

গণনার মাঝেই মুখ্যসচিবের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে জানানো হয়েছে, রাজ্যের সরকারি দফতরগুলি থেকে যেন একটি ফাইল বা নথিও সরানো বা নষ্ট করা না হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:০০
দুষ্মন্ত নারিওয়ালের নির্দেশ।

দুষ্মন্ত নারিওয়ালের নির্দেশ। — ফাইল চিত্র।

রাজ্যের সরকারি দফতরগুলি থেকে যেন কোনও নথি বা একটি ফাইলও সরানো বা নষ্ট করা না হয়। কোনও ফাইল থেকে যেন কোনও তথ্য টুকেও না রাখা হয়। এই বিষয়গুলি রাজ্যের সব দফতরের সচিব এবং প্রধানদের নিশ্চিত করতে বললেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা। সোমবার, ভোট গণনার দিনেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করলেন তিনি। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে মুখ্যসচিব পদে বসানো হয়েছিল দুষ্মন্তকে।

সোমবার রাজ্যে বিধানসভা ভোটের গণনা চলছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যা ফল, তাতে দেখা গিয়েছে, ২০০-র বেশি আসনে এগিয়ে বিজেপি। গণনার মাঝেই মুখ্যসচিবের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে জানানো হয়েছে, রাজ্যের সরকারি দফতরগুলি থেকে যেন একটি ফাইল বা নথিও সরানো বা নষ্ট করা না হয়। কোনও ফাইল বা তথ্য যেন কেউ ‘কপি’ করতে না পারে, তা-ও ব্যক্তিগত ভাবে নিশ্চিত করতে হবে দফতরের সচিব এবং প্রধানদের। এ ধরনের কিছু ঘটলে তার দায় চাপবে ওই আধিকারিকদের উপরেই।

রাজ্যের সব সরকারি দফতরের সচিব, বিভাগীয় প্রধানের পাশাপাশি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, আইজি, সকল বিভাগীয় কমিশনার, কলকাতা পুলিশের কমিশনার, জেলাশাসকদেরও নির্দেশিকাটি পাঠানো হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই রাজ্যের তৎকালীন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্মন্তকে ওই পদে বসানো হয়েছিল। এ বার সেই দুষ্মন্ত নির্দেশিকা জারি করলেন।

সংক্ষেপে
  • প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy