নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বেহালা পশ্চিম বিধানসভা এলাকা। থানার ভিতরে ধর্না দিলেন বিজেপি প্রার্থী এবং তাঁর সঙ্গীরা। থানার বাইরে স্লোগান তুললেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
বিজেপি বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় তাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছে। অভিযুক্ত তৃণমূল। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। ওই ঘটনার প্রতিবাদে পর্ণশ্রী থানায় গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
বিজেপির তরফে দাবি, রবিবার তাদের নির্বাচনী কার্যালয়ে পোস্টার সাঁটাতে গিয়েছিলেন তৃণমূলের লোকজন। বাধা দেন তাদের কর্মীরা। তার পেরেই শাসকদলের একদল কর্মী-সমর্থককে কার্যালয়ে ভাঙচুর চালান। ছিঁড়ে দেওয়া হয় ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর পোস্টার, হোর্ডিং ইত্যাদি। এ-ও অভিযোগ, গোটা ঘটনাটি ঘটেছে পুলিশের উপস্থিতিতেই।একটি ভিডিয়ো দেখিয়ে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় দাবি করেছেন, এলাকার নানা জায়গায় বিজেপি তাঁদের হোর্ডিং, ব্যানার ইত্যাদি ছিঁড়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে।
আরও পড়ুন:
ভাঙচুরের খবর পেয়ে কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল। তাঁর দাবি, পরাজয় নিশ্চিত বুঝে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় গুন্ডাবাহিনীকে দিয়ে আতঙ্কের সৃষ্টি করতে চাইছেন। তাঁরা থানায় গিয়ে বিচারের দাবি করে ধর্নায় বসে পড়েন। যদিও তৃণমূলের তরফে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। শাসকদলের একদল কর্মী-সমর্থক থানার বাইরে স্লোগান দিতে থাকেন। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় থানা চত্বরে।