অন্বেষা রায় মুখোপাধ্যায়ের পর দুর্ঘটনায় আহত ধারাবাহিক ‘কম্পাসের’ আরও এক অভিনেতা। খবর, বাড়িতেই পা পিছলে পড়ে গিয়ে গোড়ালির হাড় ভাঙল স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায়ের। অভিনেতা আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, পায়ে অস্ত্রোপচার করে প্লেট এবং ছ’টি স্ক্রু বসেছে। আপাতত তিন সপ্তাহের জন্য বিছানায় বন্দি তিনি।
কী করে ঘটল অঘটন? সুশান্ত দাসের এই ধারাবাহিকের কার্যকরী পরিচালক মণিমালা পালের কথায়, “গত বুধবার রাতের ঘটনা। রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে। রাতের খাবার খেয়ে হাতমুখ ধুতে উঠেছিলেন অর্কপ্রভ। তখনই তাঁর পা আচমকা পিছলে যায়।” নিজেকে সামলাতে হাতের কাছে থাকা চাকা লাগানো চেয়ার আঁকড়ে ধরেন অর্ক। তাতেই বিপত্তি। চেয়ার সরে সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালির হাড় ভাঙে। অভিনেতা সেই শব্দও শুনতে পান বলে জানিয়েছেন।
অর্কপ্রভর হাসপাতালের ছবি ভাইরাল। ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার সকালে যাদবপুর সুলেখার একটি বেসরকারি হাসপাতালে অর্কপ্রভকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, গোড়ালির দুটো হাড় ভেঙেছে। অস্ত্রোপচার করতে হবে। ওই দিনই অস্ত্রোপচার হয় তাঁর। সোমবার তিনি ছাড়া পেয়ে বিকেলে টালিগঞ্জের বাড়িতে ফিরেছেন। নায়কের আফসোস, “এত বার বাইক চালাতে গিয়ে আছাড় খেয়েছি। কোনও দিন কিচ্ছু হল না। বাড়িতে এই সামান্য আঘাত থেকে যে এত বড় কাণ্ড ঘটে যাবে, বুঝতেই পারিনি।”
আরও পড়ুন:
আরও কাকতালীয় ঘটনা, দুর্ঘটনার দিন দুই আগেই দুর্ঘটনার দৃশ্যে অভিনয় করেছিলেন অর্কপ্রভ! দেখানো হয়েছিল, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ‘বিহান’ ওরফে অর্কপ্রভ হাসপাতালে ভর্তি। পরের দৃশ্যে ছিল, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন! তার একদিন পরে বাস্তবে নায়ক দুর্ঘটনায় আক্রান্ত হন!
অর্কপ্রভ আরও জানিয়েছেন, তিন সপ্তাহ পরে ফের তাঁকে দেখবেন চিকিৎসক। তার পর ওয়াকার ধরে হাঁটার অনুমতি দেওয়া হবে তাঁকে। তা হলে অভিনয়ের কী হবে?
এ প্রসঙ্গে মণিমালা বলেছেন, “হাসপাতাল থেকে ফেরার পথে বিহান বাড়ি ফেরেনি, ধারাবাহিকে তেমনটাই দেখানো হয়েছিল। সেই সূত্র ধরেই গল্প এগোবে। গল্পে দেখানো হবে, বিহান নিখোঁজ।” পাশাপাশি, অর্কপ্রভ কিছু সংলাপ রেকর্ড করে পাঠাচ্ছেন প্রযোজনা সংস্থাকে। সেই কণ্ঠস্বরও ব্যবহার করা হচ্ছে। অভিনেতার কথায়, “আপাতত তিন সপ্তাহ এ ভাবেই কাজ করব। তিন সপ্তাহ পরে সেটে গিয়ে বসে কাজ করার চেষ্টা করব।”