৪ মে ফল প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের। পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটেছে। এই পালাবদলের পরে আলোচনায় বিভিন্ন বিষয়। এরই মধ্যে রাজ্যের পালাবদল নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী হেমা মালিনী। বিজেপির লোকসভার সাংসদ তিনি। পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হেমা। আর কী বলেছেন তিনি?
‘এক্স’ হ্যান্ডেলে হেমার পোস্ট। ছবি: সংগৃহীত।
সম্প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হেমা লেখেন, “বিজেপির আদর্শের এই অসাধারণ বিপুল জয় এসেছে মোদীজি এবং অমিত শাহজির অক্লান্ত পরিশ্রমের ফলেই। এই দুই দৃঢ়প্রতিজ্ঞ নেতা, আমাদের সীমান্তকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ও জঙ্গিদের হাত থেকে সুরক্ষিত রাখতে এবং দেশের নিরাপত্তার জন্য সীমান্ত বন্ধ করতে বদ্ধপরিকর ছিলেন। এর আগে রাজনৈতিক স্বার্থে ভোটব্যাঙ্ক তৈরির উদ্দেশ্যে সীমান্তকে কার্যত উন্মুক্ত করে রাখা হয়েছিল, যার ফলে দেশবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল।”
আরও পড়ুন:
হেমা আরও যোগ করেন। তিনি লেখেন, “আমাদের নেতারা এক আঘাতেই সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। দীর্ঘদিনের হিংসা, অশান্তি ও আইনশৃঙ্খলার অবনতি থেমে গিয়ে এখন বাংলায় শান্তি ও উন্নয়নের আশা ফিরে এসেছে।” এই ঐতিহাসিক জয়ের জন্য বিজেপি নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছেন প্রবীণ অভিনেত্রী। আগে রাজনৈতিক মতামতের জন্য অনেক বারই সমালোচনার মুখে পড়তে হয়েছে হেমাকে। কিন্তু সেই প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি।