দিনকয়েক আগেই অভিনেত্রী সমান্থা রুথ প্রভু জানান, তিনি নিজের জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছেন। যার ফলে ফের একটা বিরতি নিতে হবে অভিনেত্রীকে। যদিও বছর চারেক আগে যখন অভিনেত্রীর ‘মায়োসাইটিস’ ধরা পড়ে, তখন বছর দুয়েকের বেশি সময় কাজ করেননি। সেই সময়ে সদ্য প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তার পর দীর্ঘ ওঠা-পড়া ও শারীরিক-মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সমান্থাকে। এ সব সামলেই নাগের সঙ্গে বিচ্ছেদের বছর চারেকের মধ্যে ফের বিয়ে করেন অভিনেত্রী। চলতি বছরের ডিসেম্বরে মা হতে চলেছেন সমান্থা। যদিও একটা উদ্বেগ, ভয় সর্ব ক্ষণ মনে বসে রয়েছে তাঁর।
আরও পড়ুন:
২০২২ সালে নিজের ছবি ‘যশোদা’র প্রচারের সময়ে সমান্থা প্রথম জানিয়েছিলেন যে, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। এটিকে পেশিপ্রদাহ বলা হয়। এর ফলে পেশিতে অসহ্য যন্ত্রণা অনুভব করতেন অভিনেত্রী। নড়তেচড়তে বেশ কষ্ট হত তাঁর। তাই অন্তঃসত্ত্বা হওয়ার পর এই ভয় সর্ব ক্ষণ তাড়া করেছে, এ বার যেন কোনও ব্যথাযন্ত্রণা সহ্য করতে না হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সমান্থা বলেন, ‘‘প্রতিদিন ঘুম থেকে উঠে আমি প্রার্থনা করি, যেন আজ কোনও যন্ত্রণা সহ্য করতে না হয়। এবং সারাদিন ভালভাবে কাটানোর মতো শক্তি ও সামর্থ্য যেন আমার থাকে। আসলে মনে মনে ভয় পাই, হয়তো দিনটা পার করার মতো যথেষ্ট জোর থাকবে না। তাই যখন আমাকে প্রথম ‘মা ইন্তি বঙ্গারাম’ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি বেশ ভয় পেয়েছিলাম। আমি জানতাম না যে, আমি এটা করতে পারব কি না, বা আমার শরীর সায় দেবে কি না। যখন আপনার সামনে কিছু বিধিনিষেধ ও সীমাবদ্ধতা থাকে, তখন আপনি চাইবেন প্রতিটা দিনকে কাজে লাগাতে।’’
সমান্থা সব সময়ে মা হতে চেয়েছেন। প্রাক্তন স্বামীর নাগের সঙ্গে সন্তানের ইচ্ছে ছিল তাঁর। সে কথা প্রকাশ্যে বলেছেন। সমান্থা জানান, মা হওয়ার পর তাঁর পুরো পৃথিবী হবে সেই সন্তান। অভিনেত্রীর শৈশব খুব সুখের ছিল না, তাই তিনি চান তাঁর সন্তানকে যেন কোনও খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। তিনি যা একসময় পাননি, সেই সব কিছু যেন সন্তান পায়। সমান্থা নিজেই সম্প্রতি জানিয়েছেন, সন্তান হওয়ার পরে প্রথম কয়েক বছর তিনি সন্তানকেই সময় দেবেন।