স্নাতকেরা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এর (আইআইএমএসি) তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের তরফে এক বছরের জন্য শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নেওয়া হবে। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয়ে রইল বিস্তারিত।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে লাইব্রেরি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বিভাগে শিক্ষানবিশ প্রয়োজন। তাঁদের এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। মোট আসনসংখ্যা ১০।
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে স্নাতকেরা লাইব্রেরি বিভাগে শিক্ষানবিশ হিসাবে যোগদান করতে পারবেন। এ ছাড়াও যে কোনও বিষয়ে স্নাতকেরা অফিস অ্যাসিস্ট্যান্ট বিভাগে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের প্রতি মিনিটে ৩০টি হিন্দি এবং ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন:
উল্লিখিত বিভাগে নিযুক্তদের মাসে ১২,৩০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আইআইএমএসি-এর নয়া দিল্লির ক্যাম্পাসে নিযুক্তদের কাজ চলবে। যাঁরা ২০২৩ থেকে ২০২৬-এর মধ্যে স্নাতক হয়েছেন, তাঁরাই আবেদনের সুযোগ পাবেন।
আগ্রহীদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। এর পর ওই নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ আবেদনপত্র আইআইএমসি-এর ওয়েবসাইট মারফত জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২২ জুন।