রসায়নে উচ্চ শিক্ষা থাকলে গবেষণার সুযোগ মিলতে পারে যাদবপুরের কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠান-এ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানে সৌর প্যানেলে ব্যবহৃত গ্লাসের কোটিং-এর বৈচিত্র্য নিয়ে গবেষণার কাজ চলছে। তাই এমন প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তের রসায়ন, মেটিরিয়ালস সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর হতে হবে।
আরও পড়ুন:
তবে, যাঁরা সেরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন এবং কোটিং, গ্লাস সায়েন্স সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করেছেন— তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। এমন প্রার্থীরা নিয়োগের পর ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। উল্লিখিত পরীক্ষা দেননি, এমন প্রার্থীদের ক্ষেত্রে পারিশ্রমিক ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৬ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।